হাফিজ ইব্রাহীমের রিভিউ খারিজ
ঘোষিত আয়ের চেয়ে বেশি সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা ও সাবেক সাংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের করা আপিল হাইকোর্টে পুনরায় শুনানির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের দেওয়া এই রায় পুনবিবেচনা চেয়ে হাফিজ ইব্রাহীমের করা আবেদন (রিভিউ) আজ বুধবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
আদালতে হাফিজ ইব্রাহীমের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন এবং দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলো কে বলেন, আপিল বিভাগ হাফিজ ইব্রাহীমের আপিল হাইকোর্টে পুনরায় শুনানি করতে নির্দেশ দিয়েছিলেন, এ রায় পুনবিবেচনা চেয়ে তার করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আপিলের ওপর পুনরায় হাইকোর্টে শুনানির রায় বহাল রইল। এখন হাইকোর্টে হাফিজ ইব্রাহীমের আপিলের ওপর শুনানি হবে।
আয় বর্হিভূত সম্পদ অর্জনের এক মামলায় ২০০৮ সালের ১৯ জুন বিচারিক আদালতের রায়ে হাফিজ ইব্রাহীমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে ২০১১ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট থেকে খালাস পান হাফিজ ইব্রাহীম। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। শুনানি নিয়ে ২০১৫ সালের ২৪ আগস্ট সর্বোচ্চ আদালত খালাসের রায় বাতিল করে নতুন করে হাইকোর্টে আপিল শুনানির নির্দেশ দেন। পুনরায় আপিল শুনানির সিদ্ধান্ত পুর্নবিবেচনা চেয়ে আবেদন করেন হাফিজ ইব্রাহীম।