পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি আইনজীবী ফোরামের প্রার্থী মো. গোলাম হাফিজ সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ওই দুটি প্যানেলে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩৫ জন ভোটারের মধ্যে ১২৭ জন ভোট দেন। তিন সদস্যের নির্বাচন কমিটির প্রধান ছিলেন আইনজীবী মোজাম্মেল হোসেন চৌধুরী।
আবুল কালাম আজাদ সহসাধারণ সম্পাদক, হাবিবুল ইসলাম লিগ্যাল এইড সম্পাদক, মিজানুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জাকির হোসেন লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে বিএনপি-সমর্থক মো. তসলিমউদ্দিন, চারটি সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থক আমিনুর রহমান, হকিকুল ইসলাম প্রধান এবং বিএনপি-সমর্থক আবু সায়েদ ও আবদুল্লাহ আল মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।