হাফিজউদ্দিন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে মহানগর হাকিম হারুন অর রশিদ এ আদেশ দেন।

বাংলামোটরে বাসে পেট্রলবোমা হামলায় পুলিশ হত্যার ঘটনায় রমনা থানায় করা একটি মামলায় হাফিজউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। হাফিজউদ্দিনের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৮-দলীয় জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন হাফিজউদ্দিন আহম্মেদ। সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নির্বাচনের তফসিল বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশে ১৮ দলের  নেতা-কর্মীরা রাজপথ, নৌপথ ও রেলপথে অবস্থান নেবে বলে ঘোষণা দেওয়ার পরে তাঁকে আটক করা হয়।