বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় গতকাল সোমবার ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে। তবে তাঁকে গ্রেপ্তারের ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছেন।
গত রোববার হাফিজ উদ্দিনকে জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে গ্রেপ্তারের পর ভোলার বিভিন্ন স্থানে ১৮ দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। একই সঙ্গে ওই দুই উপজেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। তবে গ্রেপ্তারের ভয়ে এদিন নেতা-কর্মীদের কাউকে মাঠে দেখা যায়নি। দোকানপাট খোলা থাকার পাশাপাশি যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাফিজকে গ্রেপ্তারের পর রোববার রাতে লালমোহন উপজেলা বিএনপি ভোলা-চরফ্যাশন সড়ক, চৌরাস্তা ও সদর রোড এলাকায় বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করলে আওয়ামী লীগ পাল্টা মিছিল বের করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলার সাংবাদিক সমিতির সভাপতি ও সকালের খবর প্রতিনিধি এস বি মিলনসহ ৩২ জন আহত হন। সংঘর্ষকালে একটি বাস, দুটি পিকআপ ভ্যান, সাংবাদিক সমিতির কার্যালয়সহ ২০টির মতো প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। রাত সাড়ে আটটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ বিভিন্ন উপজেলা থেকে ২০ জনকে আটক করেছে। লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান বলেন, কোনো হরতাল হয়নি। পরিস্থিতি শান্ত আছে। সহিংসতার ঘটনায় কোনো মামলা হয়নি।
এদিকে হাফিজকে গ্রেপ্তারের ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম হাওলাদার বলেন, মেজর হাফিজ গ্রেপ্তার হওয়ায় লালমোহন-তজুমদ্দিনবাসী আনন্দিত। তাই তাঁরা হরতাল না মেনে মেজর হাফিজের বিচারের দাবিতে পথে নেমেছেন।