হাফিজুরের মৃত্যু তদন্তে কমিটি করতে ১০ দিনের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজুর মোল্লা
হাফিজুর মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাফিজুর মোল্লার মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। আর এ ঘটনার তদন্তে কমিটি করতে কর্তৃপক্ষকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন তাঁরা।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে সংহতি সমাবেশে এ সময় বেঁধে দেওয়া হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের ফল প্রকাশ না করলে ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।

সংহতি সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, হাফিজুর কেন নিউমোনিয়াতে আক্রান্ত হলেন—সে বিষয়ে কোনো বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। শীতের মধ্যে হলের বারান্দায় থাকা আর কর্মসূচিতে যাওয়ার কারণেই তাঁর নিউমোনিয়া হয় এবং অসুস্থ শরীর নিয়ে বাড়ি যাওয়ার কিছুদিন পরই হাফিজুরের মৃত্যু হয়। এর দায় প্রশাসন এড়াতে পারে না।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ বলেন, শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় ভূমিকা নেন, তবেই কেবল শিক্ষার্থীরা তাদের মর্যাদা আদায়ের আন্দোলনে যুক্ত হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি ডাকসু নির্বাচন আদায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আন্দোলনের আহ্বান জানান।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ধীরে ধীরে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ সরকারদলীয় ছাত্রসংগঠনের দখলে। তারা নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে হলের নিরীহ ছাত্রদের জোর করে নিয়ে আসে। কোনো ছাত্র যদি আসতে না চায় তাহলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, নইলে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। যার সর্বশেষ শিকার হাফিজুর।

এ সময় জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের যুগ্ম আহ্বায়ক এহতেশাম উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান, ছাত্র ফ্রন্টের আরেক অংশের সভাপতি জনার্দ্দন দত্ত, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক লতিফ অনিক প্রমুখ বক্তব্য দেন। 

সমাবেশে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা।

হাফিজুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘বড় ভাই’দের মাধ্যমে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ওঠেন । তাঁকে হলের বারান্দায় থাকতে হতো। হাফিজুরের পরিবাবের অভিযোগ, শীতের রাতে যেতে হতো রাজনৈতিক কর্মসূচিতে। এতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা যান হাফিজুর।

অারও পড়ুন : বিশ্ববিদ্যালয় ছাত্রের করুণ মৃত্যু
হাফিজুরের বাড়িতে চার দিনেও চুলা জ্বলেনি
হাফিজুর, আমাদের ক্ষমা করো
এই মৃত্যুর দায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের
‘কাউকে যেন হাফিজুরের মতো মরতে না হয়’