হাফিজুলের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি
ছাত্ররা কঠোর পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পড়াশোনা করার জন্য, নোংরা রাজনীতির শিকার হতে নয়। আর কোনো ছাত্রকে যেন হাফিজুলের মতো করুণ ভাগ্য বরণ করতে না হয়। কথাগুলো হাফিজুলের বাবা ইসাহাক মোল্লার।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সদরপুরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাফিজুল মোল্লা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সদরপুরবাসীর উদ্যোগে এর আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন হাফিজুল। ছাত্রলীগের ‘বড় ভাই’দের ধরে তিনি সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ওঠেন। থাকতেন দোতলার দক্ষিণ পাশের বারান্দায়। তিনি সদরপুরের পূর্ব শ্যামপুর গ্রামের ইসাহাক মোল্লা ও মা সুফিয়া বেগমের একমাত্র সন্তান ছিলেন।
পরিবারের অভিযোগ, তীব্র শীতের মধ্যে ছাত্রলীগের রাজনীতির তালিম নিতে গত ২৬ জানুয়ারি রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা হাফিজুলকে বাইরে থাকতে হয়। শীতের রাতে তাঁকে প্রায়ই হলের মাঠে ‘গেস্টরুম’ করতে হতো। ধকল সইতে না পেরে তিনি নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত হন। ২৭ জানুয়ারি তিনি অসুস্থ অবস্থায় বাড়ি আসেন। ২ ফেব্রুয়ারি তাঁকে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পথে ফেরিতে মারা যান তিনি।
গতকালের মানববন্ধনে ইসাহাক মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবতীয় অপরাজনীতি বন্ধের দাবি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছেলেরা পড়তে আসে, প্রাণ দিতে নয়।
কর্মসূচিতে ঢাকা, ফরিদপুর ও সদরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক শ লোক অংশ নেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদরপুর সরকারি কলেজের প্রভাষক ওদুদ খান, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষার্থী রিপন হাওলাদার, সোহেল মোল্লা, হাওলাদার শামীম ও মামুনুর রশিদ, সরকারি কর্মকর্তা ইমারত হোসেন, মুক্তিযোদ্ধা মো. ওহাব, সাংবাদিক সাব্বির হাসান প্রমুখ।
বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মৃত্যুবরণকারী মেধাবী ছাত্র হাফিজুলের অসহায় পরিবারকে আর্থিক সহায়তাসহ তাদের পুনর্বাসনের দাবি করেন।