হাবিপ্রবি শিক্ষকদের নিয়ে অনলাইন টিচিং ও লার্নিং কর্মশালা

করোনার এ সময়টাতে শিক্ষকদের অনলাইন ক্লাস-পরীক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে অনলাইন টিচিং লার্নিং ফর দ্য টিচার অব এইচএসটিইউ শিরোনামে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১০ জুন) বেলা ১১টায় এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইকিউএসির পরিচালক অধ্যাপক বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক মু. আবুল কাসেম। টেকনিক্যাল স্পিকার হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় জুম অ্যাপ্লিকেশন ও গুগল ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিএসই অনুষদের ডিন ও ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.মাহাবুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মু. আবুল কাসেম বলেন, কোভিড-১৯ মহামারির কারণে আমরা একটা কঠিন সময় পার করছি। অন্যান্য খাতের মতো আমাদের শিক্ষাব্যবস্থা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় তিন মাস থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। আরও কত দিন বন্ধ রাখতে হবে সেটা আমরা কেউই জানি না। তাই শিক্ষাব্যবস্থাকে অনলাইনমুখী করতে শিক্ষকদের জন্য এই অনলাইন টিচিং লার্নিং ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আশা করি শিক্ষকেরা এই প্রশিক্ষালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের নিজ নিজ বিভাগীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার বলেন, করোনা মহামারির কারনে শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাস-পরীক্ষার মধ্যে না থাকায় অনেকেই হয়তো পড়াশোনা ভুলতে বসেছেন। শিক্ষা কার্যক্রমেও একটা স্থবিরতা চলে এসেছে—এসব বিবেচনা করে শিক্ষক ও শিক্ষার্থীদের কীভাবে অনলাইন পাঠদানে সম্পৃক্ত করা যায়, তার জন্য আমরা এই অনলাইন ট্রেইনিং সেশনের আয়োজন করেছি। যদিও আমাদের অনেক সমস্যা রয়েছে, তথাপি বিকল্প হিসেবে অনলাইন কার্যক্রম শুরু করতে না পারলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন, অনেকেই বিভিন্ন সমস্যার কথা বলেছেন, সেসব বিষয়েও আমরা আলোচনা করেছি। প্রয়োজনে আরও কথা বলা হবে। ভিসি স্যার অনলাইনে ক্লাস-পরীক্ষার পাশাপাশি মিটিংগুলো অনলাইনে করার কথা জানিয়েছেন। আমাদের সমস্যা যেমন আছে, তেমনি সমাধানের পথও বের করতে হবে আমাদের। এ ক্ষেত্রে ডিনগণ চাইলে অনলাইন ক্লাস-পরীক্ষার রুটিন প্রকাশ করে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারেন। যাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি, তারা গ্রুপভিত্তিক বা সেকশনভিত্তিক ক্লাস কার্যক্রম চালাতে পারেন।
অনলাইন এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, অ্যাডভাইজারসহ বিভিন্ন অনুষদীয় ডিন ও বিভাগীয় ১০৬ জন শিক্ষক অংশ নেন।