হাবিব উন নবী খানকে কারাগারে পাঠানোর নিন্দা
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারের ‘নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক’ কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার, তখন সরকার আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে।
আজ রোববার এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে সালাহ উদ্দিন এ কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, আজ নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত হাবিব উন নবী খানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে। তাঁকে কারাগারে পাঠানোর ঘটনা ‘অবৈধ সরকারের সীমাহীন ফ্যাসিবাদী’ চরিত্রের আরও একটি জঘন্য দৃষ্টান্ত।
সালাহ উদ্দিন বলেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন বিলুপ্তপ্রায়। বিচারব্যবস্থাকে কুক্ষিগত এবং দলীয়করণের মাধ্যমে সাধারণ জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের জন্য আদালতের দরজা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ছিন্ন করে দেশবাসীকে সঙ্গে নিয়ে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে জনগণের শাসন কায়েম করা হবে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, দুঃশাসনের বিরুদ্ধে যাতে কঠিন প্রতিরোধ গড়ে তোলা না যায়, সে জন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন, হত্যা, গুম, অপহরণ, আতঙ্ক সৃষ্টি এবং ভীতি সঞ্চার করা হচ্ছে। তিনি অবিলম্বে হাবিব উন নবী খানের মুক্তি দাবি করেন।