নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের হাতিরদিয়া ছাদত আলী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদ বাতিল করে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সভাপতি মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অপরদিকে হাবিবুরের পাঁচকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদের বেতন-ভাতাদির সরকারি অংশ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো দুটি বার্তায় এসব তথ্য জানানো হয়। নরসিংদীর মনোহরদীতে সহকারী কমিশনার (ভূমি) ফ্লোরা বিলকিস জাহানকে সাত দিনের মধ্যে কর্মস্থল ছাড়তে সময়সীমা বেঁধে দেন হাবিবুর। এ ঘটনায় গত ১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর মনোহরদীর হাতিরদিয়া ছাদত আলী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদ বাতিলের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার শিক্ষা বোর্ড থেকে পাঠানো একটি বার্তায় বলা হয়, হাবিবুর রহমানের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে এম অলি উল্ল্যাকে অবশিষ্ট মেয়াদকালের জন্য ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি করা হলো।