হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান
হাবিবুর রহমান

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ জানুয়ারি। ২০১৪ সালের এই দিনে ৮৫ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।
বহু গুণের অধিকারী বিচারপতি হাবিবুর রহমান তাঁর মেধা ও পাণ্ডিত্য দিয়ে জাতির ‘অভিভাবক-স্বরূপ’ মর্যাদা লাভ করেছিলেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, বিচারক, গবেষক ও লেখক। শিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লিংকনস ইনে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে প্রাতিষ্ঠানিক কর্মজীবন শুরু করে পরে আইন পেশায় চলে যান। ১৯৭৬ সালে উচ্চ আদালতে বিচারক হিসেবে যোগ দেন এবং ১৯৯৫ সালে দেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন।
প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর হাবিবুর রহমান হয়ে উঠেছিলেন দেশের রাজনৈতিক সংকটের অন্যতম ভরসাস্থল। ১৯৯৬ সালে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হওয়ার পর প্রথম ব্যক্তি হিসেবে তিনি সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। সেই সময়ের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং নানান ধরনের প্রতিবন্ধকতা সামাল দিয়ে হাবিবুর রহমান সুচারুভাবে তাঁর দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ও দিকনির্দেশনায় সফলভাবে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গবেষণাধর্মী লেখক হিসেবেও হাবিবুর রহমান ছিলেন অনন্য। তাঁর গবেষণার অন্যতম ফসল পবিত্র কোরআন শরিফের কাব্যময় বাংলা অনুবাদ এবং কোরআন শরিফের বিষয়ভিত্তিক উদ্ধৃতি নিয়ে লেখা ‘কোরানসূত্র’। বাংলা ভাষার ওপর অসাধারণ দখলের অধিকারী হাবিবুর রহমানের অভিধান প্রণয়নেও বিশেষ আগ্রহ ছিল। তিনি ১৯৮৪ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০০৭ সালে একুশে পদক পান।