হাবিবুরের মামাশ্বশুর সিরাজ উদ্দিনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনার মূল হোতা হাবিবুর রহমান ওরফে সোহেলের মামাশ্বশুর মো. সিরাজ উদ্দিনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজ উদ্দিন ওই ঘটনার অন্যতম ইন্ধনদাতা বলে অভিযোগ রয়েছে।
গতকাল কিশোরগঞ্জের এক নম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাজীবুল হাসানের আদালতে সিরাজ উদ্দিনকে হাজির করে তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আবেদনের ওপর দীর্ঘ শুনানিতে আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) সুনীল কুমার সরকার বলেন, গ্রেপ্তার হওয়ার পর সোহেল জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্বীকার করেন, সিরাজ উদ্দিনের অনুপ্রেরণাতেই তিনি ওই টাকা চুরির পরিকল্পনা করেন। প্রবাসজীবন থেকে ফিরে তিনি সিরাজ উদ্দিনকে বিদেশ থেকে অর্জিত টাকা ধার দেন। কিন্তু সেই টাকা সিরাজ উদ্দিন ফেরত দিতে পারেননি। একপর্যায়ে সিরাজ উদ্দিন তাঁকে ব্যাংকের টাকা চুরি করার পরামর্শ দেন।
শুনানি শেষে সিরাজ উদ্দিনের বিরুদ্ধে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং টাকা লুটের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব কুমার দেব বলেন, সিরাজ উদ্দিনকে দু-এক দিনের মধ্যে ঢাকায় যৌথ সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে আট দিনের রিমান্ডে থাকা সোহেলের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সোহেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গত ২৬ জানুয়ারি দুপুরে সোনালী ব্যাংক, কিশোরগঞ্জ প্রধান শাখার ভল্টকক্ষের ভেতর একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। পরে এই কক্ষে রক্ষিত টাকা গণনার পর ১৬ কোটি ৪০ লাখ টাকা খোয়ার বিষয় ধরা পড়ে।
ঘটনার দুই দিন পর ঢাকার শ্যামপুরের একটি বাসা থেকে সোহেল ও তাঁর ভাই ইদ্রিছ মুন্সিকে ১৬ কোটি ১৯ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। আর কয়েক দিন আগে গ্রেপ্তার হন সিরাজ উদ্দিন।