হাবিবুরের মামাশ্বশুর সিরাজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের ঘটনার মূল হোতা হাবিবুর রহমান ওরফে সোহেলের মামাশ্বশুর সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
র‌্যাব সূত্র জানায়, সিরাজ উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামে। র‌্যাবের ধারণা, ব্যাংক লুটে তাঁর প্ররোচনা রয়েছে। তিনি পরিকল্পনাকারীদেরও একজন হতে পারেন। সেই কারণে শুরু থেকে র‌্যাব তাঁকে আটক করতে তৎপর ছিল।
র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মামলার তদন্ত কর্মকর্তা রাজীব কুমার দেব জানান, গ্রেপ্তারের পর সিরাজকে গতকাল কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৬ জানুয়ারি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হওয়ার বিষয়টি জানা যায়। এ ঘটনায় ২৮ জানুয়ারি লুট হওয়া টাকাসহ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় হাবিবুর রহমান ও তাঁর ভাই ইদ্রিছ মুন্সিকে।