হাবিবুল বাশারের বাবার মৃত্যু

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বাবা কাজী মোতালেব উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
নিহতের ছেলে এমদাদুল বাশার রিপন প্রথম আলোকে বলেন, গত বছরের ২০ নভেম্বর তাঁর বাবা স্ট্রোক করেছিলেন। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে ১০-১২ দিন চিকিৎসাধীনও ছিলেন। এরপর থেকে কুষ্টিয়ার বাড়িতেই অবস্থান করছিলেন। আজ সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এমদাদুল বাশার রিপন বলেন, খবর পেয়ে তিনি খুলনা থেকে কুষ্টিয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ ছাড়া হাবিবুল বাশার সুমনও চট্টগ্রাম থেকে কুষ্টিয়া আসছেন। আগামীকাল বুধবার সকালে লাশ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।