হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, ২০১৫ সালের জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সভাপতি ও এ এম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটি ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়। এর মধ্যে ১৮ মার্চ সাধারণ সম্পাদক এ এম গোলাম কিবরিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফলে পদটি শূন্য হয়। ২০ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগ ৭১ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়।
অনুমোদনের পর গতকাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শহরের এস এস রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে যুগ্ম সম্পাদক হাবিবে মিল্লাতকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস বলেন, সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুনভাবে সাধারণ সম্পাদক না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।