হাবিব-উন-নবীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাসে পেট্রলবোমা হামলায় এক পুলিশ সদস্য হত্যার মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলার এজাহারে নাম থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২৬ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট ও আদালত সূত্র জানায়, তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গত বৃহস্পতিবার বিকেলে মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে হাবিব-উন-নবীসহ তিনজনকে পলাতক দেখানো হয়েছে। অপর চারজন কারাগারে আছেন। হাবিব-উন-নবী ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি ছয়জনের নাম এজাহারে উল্লেখ ছিল না।
ওই ছয়জন হলেন নিউমার্কেট থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওরফে টিপু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন, মিরপুর রোডের গাউছিয়া মার্কেট ইউনিট বিএনপির সদস্য মো. রফিক আকন্দ, নিউমার্কেট থানা বিএনপির সদস্য মো. আলফাজ ও আনোয়ার হোসেনের বন্ধু শাহ আলম। তাঁদের মধ্যে আবদুস সাত্তার ও আনোয়ার হোসেনকে পলাতক দেখানো হয়েছে। বাকি চারজন কারাগারে আছেন।
গত ১৭ জানুয়ারি রাতে রমনা পার্কসংলগ্ন মৎস্য ভবন মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা হামলায় পুলিশের ১৩ জন সদস্য দগ্ধ হন। কনস্টেবল শামীম মিয়া ৫ ফেব্রুয়ারি পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এজাহারে নাম থাকা ২৬ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলেও খিলগাঁও থানা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান ওরফে জনি ডিবির সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ায় অভিযোগপত্রে তাঁর নাম রাখা হয়নি। এ মামলায় গ্রেপ্তার করা বিএনপির নেতা মোহাম্মদ হোসেন, আলফাজ, রফিক আকন্দ ও শাহ আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।