হাবিলদার গোলাম রসুলকে দিনভর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম সাক্ষী হাবিলদার গোলাম রসুলকে গতকাল বৃহস্পতিবার দিনভর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে গতকাল মামলার কার্যক্রম পরিচালিত হয়। জেরা অসমাপ্ত রেখেই আদালত আগামী ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গতকাল হাবিলদার গোলাম রসুলকে জেরা করেন আসামি মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বার, দ্বীন মোহাম্মদ, হাজি আবদুস সোবহান, জসিম ও মেজর লিয়াকত হোসেনের আইনজীবী। এর মধ্যে মেজর লিয়াকত হোসেনের আইনজীবীর জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। এর আগে গত বুধবার আদালতে দেওয়া সাক্ষ্যে গোলাম রসুল জানান, অস্ত্র আটকের রাতে এই পাঁচ আসামি ও চোরাকারবারি হাফিজুর রহমানকে তিনি চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে দেখেছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সংলগ্ন কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন হাবিলদার গোলাম রসুল। ওই ফাঁড়ির সার্জেন্ট আলাউদ্দিনকে নিয়ে তিনি ঘটনার রাতে জেটিঘাটে গিয়েছিলেন। গত বুধবার আদালতে দেওয়া সাক্ষ্যে গোলাম রসুল বলেন, ‘ঘটনার রাতে জেটিঘাটে উপস্থিত হাফিজ (চোরাকারবারি হাফিজুর রহমান) ও আবুল হোসেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমানকে বলেন, এসব অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সব সংস্থা জানে। জেটিঘাট থেকে উলফা সন্দেহে আটক পাঁচজনকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয়।’গতকাল বৃহস্পতিবার জেরায় মেজর লিয়াকত হোসেনের আইনজীবী কামরুল ইসলাম প্রশ্ন করেন, ‘ঘটনার বিষয়ে বন্দর ফাঁড়ির কনস্টেবল এ কে মহিউদ্দিন চৌধুরী আপনাকে সর্বপ্রথম সংবাদ জানায়।’ উত্তরে গোলাম রসুল বলেন, ‘মিথ্যা। আমি টেলিফোনে প্রথম সংবাদ পাই।’এরপর আইনজীবী প্রশ্ন করেন, ‘কনস্টেবল মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে সর্বপ্রথম আপনি ট্যাক্সিযোগে ঘটনাস্থলে যান। সেখানে আপনাদের চাঁদার দাবি না মানায় সার্জেন্ট আলাউদ্দিনকে আনতে আবার কান্দিরহাট এলাকায় যান।’ জবাবে গোলাম রসুল বলেন, ‘সত্য নয়।’এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৃৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।