চট্টগ্রামে সোনার দোকানের দুই কর্মচারীর কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গ্রেপ্তার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার (বরখাস্ত হওয়া) মেজবাহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মেজবাহকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড আবেদনের শুনানির দিন কাল রোববার ধার্য করেছেন আদালত।
গত সোমবার দুই দোকান কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে দুই যুবক ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেয়। এর আগে দুজনকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে ডেকে নেওয়া হয়। এ ঘটনায় কর্মচারী পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় রেলের নিরাপত্তা বাহিনীর দুই কর্মীকে আসামি করে মামলা করেন। পরদিন রেল কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সোনা লুটের মামলার আসামি মেজবাহকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। দ্বিতীয় দফায় তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করে রেলওয়ে থানা-পুলিশ। কিন্তু মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানি পিছিয়ে রোববার দিন ধার্য রাখেন এবং মেজবাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ জানান, দুই দিনের রিমান্ডে মেজবাহর কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় দ্বিতীয় দফায় তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। লুট হওয়া সোনা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
ওসি জানান, অজ্ঞাতপরিচয় রেলের দুই নিরাপত্তাকর্মীকে শনাক্ত করা যায়নি।