হাবিলদার রসুলকে বাবরের পক্ষে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিলদার গোলাম রসুলের জেরা শেষ হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে গোলাম রসুলকে জেরা করেন আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী। এর আগে গত ৩১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন হাবিলদার গোলাম রসুল। এরপর ওই দিন, ১ নভেম্বর ও ১৩ নভেম্বর সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্যে গোলাম রসুল বলেছিলেন, অস্ত্র আটকের রাতে ঘটনাস্থল থেকে পাঁচজন উলফা সদস্যকে আটক করা হয়। পরে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে পাঁচজনকে ফাঁড়ি থেকে ছেড়ে দেওয়া হয়। সাক্ষ্যের এই বক্তব্য উদ্ধৃত করে গতকাল জেরায় বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার প্রশ্ন করেন, ‘এই কথাগুলো ২০০৯ সালের ১৭ ডিসেম্বর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেননি?’ জবাবে গোলাম রসুল বলেন, ‘বলেছিলাম, জবানবন্দিতে আছে কি না, জানি না।’ আইনজীবী: ‘ঘটনার রাতে প্রদীপ কুমার দাশ, মো. বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, মো. নুরুন্নবী ও মো. হেলাল উদ্দিন নামের পাঁচজনকে আটক করেছিলেন?’ গোলাম রসুল: ‘যাঁদের আটক করেছি, আমি তাঁদের নাম জানি না।’ আইনজীবী: ‘মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই পাঁচজনের নাম বলেছিলেন?’ গোলাম রসুল: ‘বলিনি।’ আইনজীবী: ‘তদন্তকারী কর্মকর্তা এই পাঁচজনকে আদালতে পাঠিয়েছিল?’গোলাম রসুল: ‘এটা তদন্তকারী কর্মকর্তার ব্যাপার, আমি জানি না।’ আইনজীবী: ‘২০০৯ সালের ২৫ মার্চ তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে দেওয়া জবানবন্দিতে আটক পাঁচজনকে ছেড়ে দিতে লুৎফুজ্জামান বাবরের নির্দেশের কথাটি বলেননি?’ গোলাম রসুল: ‘বলেছি।’ আদালত আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রেখেছেন।