হাবিলদার লুৎফুরকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার লুৎফুর রহমানকে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আখাউড়া সীমান্ত ফাঁড়ি দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি আখাউড়া স্থলবন্দর ক্যাম্পের সদস্যদের কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা বর্ডার অপারেশন পোস্টের (বিওপি) সংলগ্ন ডলপিয়া গ্রামে গত শুক্রবার বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ভারতীয় চোরাকারবারি ফেনসিডিল ব্যবসায়ী শাহ আলম (৪০) ঘটনাস্থলে নিহত হন। এ সময় চোরাকারবারিরা হাবিলদার লুৎফুরকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতার ভিত্তিতে শুক্রবার রাত তিনটায় লুৎফুরকে আখাউড়া সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, হাবিলদার লুৎফুর শারীরিকভাবে অসুস্থ। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার বিজিবি সদর দপ্তর হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গতকাল বিকেলে জানা গেছে, তিনি সুস্থ হয়ে উঠেছেন। সংশোধনী: গতকাল প্রথম আলোয় ‘বিজিবি সদস্যকে ভারতে নিয়ে গেছে ভারতের চোরাকারবারিরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের সূচনায় ভুলবশত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে ‘ভারতীয়’ শব্দের স্থলে বাংলাদেশ হবে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।