হাবুডুবু খাচ্ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করে মামুন মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ২০০৭-০৮ সেশনে সম্মান প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন। প্রায় ছয় বছর পর গত নভেম্বরে চার বছর মেয়াদি সম্মান চূড়ান্ত পরীক্ষা দিয়ে এখনো ফলের অপেক্ষা করছেন তিনি। অথচ মামুনের সঙ্গে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাঁর এক বন্ধু শিক্ষাজীবন শেষ করে ৩৩তম বিসিএসে চাকরিও পেয়ে গেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের প্রায় ১৩ লাখ শিক্ষার্থী সেশনজটের কবলে পড়ে এ রকম হাবুডুবু খাচ্ছেন। সেশনজটের কারণে চার বছরের সম্মান ও এক বছরের মাস্টার্স কোর্স শেষ করতে তাঁদের লাগছে সাত বছরের বেশি। এতে করে তাঁরা কর্মক্ষেত্রে প্রবেশসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর শিক্ষার মানও প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ‘গুরুতর পর্যায়ে’ পৌঁছেছে এবং এর নিরসনে কার্যকর ব্যবস্থার উদ্যোগ দৃশ্যমান নয়। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের গুণগত মান মোটেও আশানুরূপ নয়। অধিভুক্ত কলেজগুলোর উচ্চশিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা উদ্বেগজনক।
স্নাতক পর্যায়ে দেশের মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেকই (প্রায় ৪৮ শতাংশ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়াশোনা করছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজশিক্ষক ও একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি শিক্ষাবর্ষেই দুই বছরের বেশি সেশনজট। প্রথম বর্ষে ভর্তি শেষ করে ক্লাস শুরু করতেই প্রায় এক বছর চলে যায়। উদাহরণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গত বছরের ৩ আগস্ট এইচএসসির ফল প্রকাশিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয় ২৭ ডিসেম্বর। কিন্তু এখনো ভর্তির কাজ শেষ হয়নি। এ কাজ শেষ করে মার্চ-এপ্রিল নাগাদ ক্লাস শুরু হতে পারে।
ডিগ্রি পাস কোর্সের অবস্থাও শোচনীয়। নেত্রকোনার তেলিগাতি ডিগ্রি কলেজের এক ছাত্রী প্রথম আলোকে বলেন, তিনি ২০১০ সালে পাস কোর্সে ভর্তি হন। তিন বছর মেয়াদি এই কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষাই এখনো শুরু হয়নি।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, পরীক্ষায় বিলম্বের মতো ফল প্রকাশেও দেরি হয়। একজন শিক্ষার্থী বলেন, ‘যখন দেখি একই সঙ্গে এইচএসসি পাস করা আমার বন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পাস করে চাকরিতে প্রবেশ করছে, তখন নিজেকে অসহায় মনে হয়। ...সেশনজটের কারণে চাকরির বয়সও শেষ পর্যায়ে চলে যায়।’
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, এখানে ভর্তির সময়ই প্রায় এক বছর চলে যায়। অনেকে মানোন্নয়ন পরীক্ষা দেয় বলে একসঙ্গে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া যায় না। এ ছাড়া একই শিক্ষকেরা বিভিন্ন বর্ষের খাতা দেখেন। তাঁরাও কুলিয়ে উঠতে পারেন না। প্রশ্নপত্র ছাপাতে দেরি হওয়া, কেন্দ্রের সমস্যাসহ বিভিন্ন কারণেও পরীক্ষা নিতে দেরি হয়।
তবে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, তাঁরা সেশনজট কমাতে কিছু উদ্যোগ নিয়েছেন। সম্মান পরীক্ষা হওয়ার পর পর মাস্টার্সে সাময়িক (প্রভিশনাল) ভর্তি নিয়ে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার পর ফলও তাড়াতাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউজিসির প্রতিবেদনে শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলে বলা হয়, মানোন্নয়নের জন্য কলেজগুলোর একাডেমিক তদারকি প্রয়োজন। শিক্ষক ও গবেষণাসংক্রান্ত জনবল নিয়োগ করে বিভাগীয় পর্যায়ে স্থাপিত কেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনবলের সংকট আছে। সেখানে দুই হাজারের বেশি কলেজকে অধিভুক্ত রেখে সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য বিকেন্দ্রীকরণ করতে হবে। আমরা এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’