হাবের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজে টিকিট সিন্ডিকেট, মানব পাচার, আইডি কার্ডে অর্থ আত্মসাৎ ও ট্রলিব্যাগ দুর্নীতিসহ হজ ব্যবস্থাপনায় অনিয়ম সৃষ্টির জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাচিত বর্তমান কমিটিকে দায়ী করেছে হজ ওমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। একই সঙ্গে এই কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের দাবি জানানো ​হয়েছে।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সংগঠনের সদস্যসচিব ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সদস্য আবদুল্লাহ আল নাসের এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ, হাবের জ্যেষ্ঠ হজ এজেন্ট সদস্য মো. নুরুল হক, হাব সদস্য মো. বশির উদ্দিন আহমেদসহ অন্য নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মানব পাচারে অভিযুক্ত তালিকায় হাবের ১২ নেতা এবং সদস্যদের এজেন্সির নাম থাকার পরেও দুর্নীতিবাজেরা নিজেদের স্বার্থে হজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আবদুল্লাহ আল নাসের জানান, গতকাল শনিবার পর্যন্ত ৭৭ হাজার হজ ভিসা হয়ে গেছে, ৪৫ হাজার ৯৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছে গেছে। বাকি ২৩ হাজার হজযাত্রীর ভিসা, এজেন্সি মালিকদের হাতে। পাশাপাশি বিমানের ফ্লাইট বাতিল হচ্ছে। এ জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও হজ পরিচালককে দায়ী করা হলেও দোষী মানব পাচারকারী হাবের নেতারা। এর মূল হোতা হাব সভাপতি ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ মো. আবদুল্লাহ।

এই দুই নেতাসহ হাব নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, মানব পাচারের অভিযোগে হাব সভাপতির মালিকানাধীন মেগাটপ ট্রাভেলস এবং হাব মহাসচিবের মালিকানাধীন সানজারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসসহ ৬৯ এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই দুই নেতার পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে এই দুই নেতার পদত্যাগ দাবি করছি। আর হাবের বর্তমান কমিটি বাতিল করে সরকারের কাছে প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি।’