হাম ও রুবেলা রোগ ঠেকাতে কক্সবাজারে টিকাদান কর্মসূচি
হাম ও রুবেলা রোগ প্রতিরোধে কক্সবাজার জেলায় গত শনিবার থেকে ১৫ দিনের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার আটটি উপজেলার ১ হাজার ৯৩৫টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন পু চ নু। তিনি বলেন, ১৪ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কর্মসূচির আওতায় ৯-৫৯ মাস বয়সের মোট ৩ লাখ ৪১ হাজার ৪৭৩টি শিশুকে টিকা খাওয়ানো হবে। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৩ হাজার ৮৭০ জন কর্মী এবং ৩ হাজার ৮৭০ জন স্বেচ্ছাসেবক।
গতকাল রোববার সকালে শহরের রুমালিয়ারছড়ার একটি কেন্দ্রে কথা হয় তারাবনিয়াছড়া এলাকার গৃহবধূ আকলিমা আকতারের (৩৪) সঙ্গে। তিনি বলেন, হাম ও রুবেলা ছড়িয়ে পড়ার খবর পেয়ে দুই বছরের ছেলেসন্তান নিয়ে তিনি কেন্দ্রে ছুটে এসেছেন।
কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার মাহবুব বলেন, কক্সবাজারে হঠাৎ করে হাম ও রুবেলা রোগীর সংখ্যা বেড়ে গেছে। জেলায় আগে যেখানে ১০ লাখে মাত্র ছয়-সাতজন রোগী পাওয়া যেত, সেখানে ২০১৬ সালে পাওয়া গেছে ৪৫৩ জন। আর গত ১৫ দিনে শুধু কক্সবাজার সদর উপজেলায় পাওয়া গেছে চারজন রোগী। তিনি বলেন রোহিঙ্গা শিশুরা ‘অরক্ষিত’। তাদের কোনো রোগ প্রতিরোধক টিকা দেওয়া হয় না। এ কারণে বিশেষ করে উখিয়া ও টেকনাফ এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি। (টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা শিবির রয়েছে)।
কক্সবাজারের শিশুবিশেষজ্ঞ এম নুরুল আলম বলেন, হাম ও রুবেলা ভাইরাসজনিত ছোঁয়াছে রোগ। এটাকে তিন দিনের হামও বলা হয়। যেকোনো বয়সের মানুষ রুবেলা আক্রান্ত হতে পারে। তবে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে এটি সংক্রমিত হয় বেশি। এ রোগে আক্রান্ত শিশু প্রতিবন্ধীতে পরিণত হতে পারে।