দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল বারী হাম-রুবেলা টিকাদান কর্মসূিচর বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
টিকাদান কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছেন, রেজাউল বারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তাঁর অনুগত ব্যক্তিদের দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের স্বাক্ষর জাল করে ওই টাকা আত্মসাৎ করেছেন৷
তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্বাক্ষর জাল করার ঘটনার সত্যতা পাওয়া গেছে৷ তথ্য অধিকার আইনে পাওয়া তথ্যে দেখা গেছে, কর্মকর্তাদের স্বাক্ষর একেক জায়গায় একেক রকম৷ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ জানুয়াির হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়৷ শেষ হয় ১৩ ফেব্রুয়ারি৷ কর্মসূিচর জন্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ছিল ১০ লাখ ১২ হাজার ৪৭০ টাকা৷
কর্মসূিচর সঙ্গে সম্পৃক্ত ওই হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কর্মসূিচ সফল করতে নয়টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে ২৪ জন স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল৷ কিন্তু তা না করে ওই প্রশিক্ষণ বাবদ বরাদ্দ ৮৪ হাজার ২৪০ টাকা আত্মসাৎ করা হয়৷ প্রতি ইউনিয়নে ১৮ দিনের জন্য দুজন করে এবং উপজেলায় পাঁচটি অতিরিক্ত টিকাদান ক্যাম্প করে প্রতিটিতে পাঁচজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথা ছিল৷ তা না করে এই খাতের বরাদ্দের পুরো এক লাখ তিন হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে৷ ২৭টি ওয়ার্ডে নিয়মিত ও অতিরিক্ত কেন্দ্রের ৪৮ জন মাঠকর্মীর জন্য প্রতিদিন ১১৮ টাকা করে বরাদ্দ ছিল৷ কিন্তু অতিরিক্ত কেন্দ্রে কোনো মাঠকর্মীই নিয়োগ না দিয়ে মোট ৮৬ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করা হয়েছে৷ এভাবে কর্মসূচি উপলক্ষে বিভিন্ন ধরনের সভা করা, ওরিয়েন্টেশন কর্মসূচি, শ্রমিক ও সুপারভাইজার নিয়োগ দেওয়া, মাইকিং করা, বর্জ্য অপসারণ করাসহ বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থের সিংহভাগই আত্মসাৎ করা হয়েছে৷ সভা-সেমিনারে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের স্বাক্ষর জাল করে তাঁদের উপস্থিতি দেখানো হয়েছে৷
তথ্য অধিকার আইনে পাওয়া নথিপত্র নিয়ে নবাবগঞ্জের ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর একটি স্বাক্ষর জাল বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন৷ একইভাবে উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও তাঁদের স্বাক্ষর জাল বলে জানিয়েছেন৷ ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন বলেন, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘বিশ্বাস করে এসব কাজের মূল দায়িত্ব দিয়েছিলাম ক্যাশিয়ার এজাজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শতদল সাহা এবং হেলথ ইন্সপেক্টর এশারাক আলীর ওপর৷ তাঁরা আমাকে বিপদে ফেলেছেন৷ এখন আমার সামনে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই৷’
অভিযোগ অস্বীকার করে শতদল সাহা বলেন, তিনি টিকা পরিবহন, অনিয়মিত শ্রমিক পরিচালনা, স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র পরিচালনা এবং বর্জ্য অপসারণের দায়িত্বে ছিলেন৷ এসবের জন্য যে অর্থ বরাদ্দ ছিল, তার সিংহভাগই দেওয়া হয়নি৷ এর প্রতিবাদ করায় রেজাউল বারী তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করছেন৷
ক্যাশিয়ার এজাজুল ইসলাম বলেন, হাম-রুবেলা কর্মসূচির জন্য বরাদ্দের অর্থের সাত লাখ ৮০ হাজার টাকা তিনি ব্যাংক থেকে তুলে রেজাউল বারীর হাতে দিয়েছেন৷ বাকি টাকা কে তুলেছেন, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না৷
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, রেজাউল বারীর নির্দেশে স্বাক্ষর জাল ও ভুয়া বিল ভাউচার করা হয়েছে৷ তাঁরা অভিযোগ করেন, দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে হাম-রুবেলার টাকা ছাড় করাতে নবাবগঞ্জের জন্য ৬৫ হাজার টাকা এবং পাশের অন্যান্য উপজেলার জন্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে৷ যে কারণে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোও অনিয়মের আশ্রয় নিয়েছে৷
জানতে চাইলে সদ্য যোগদান করা দিনাজপুরের সিভিল সার্জন মোশাইকুরুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই৷ তিনি বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷