হামকা বাহিনীর প্রধান ও সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রোগ নির্ণয়কেন্দ্র শেভরনে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হামকা বাহিনীর প্রধান নুরুল আলম ওরফে হামকা আলমসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া অন্যজনের নাম জাফর। পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বায়েজীদ থানার রুবি গেইট এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শেরশাহ কলোনির একটি ঘর থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি দেশি একনালা বন্দুক, পয়েন্ট ৩২ বোরের রিভলবার ও পাঁচটি গুলি রয়েছে। অভিযানের সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলও আটক করে পুলিশ।পুলিশ সূত্র জানায়, হামকা আলমের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৩টি মামলা আছে। নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার ও মেক্সনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। গত ফেব্রুয়ারিতে প্রবর্তক মোড়ের শেভরনে ১১ লাখ টাকা ডাকাতির নেতৃত্ব দেন হামকা আলম, সরওয়ার ও মেক্সন। আরেক সন্ত্রাসী ফিরোজ এর আগে গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁদের সম্পৃক্ততার কথা বলেছেন। শেভরনে ডাকাতির ঘটনায় পুলিশ ফিরোজকে চারটি অস্ত্রসহ গ্রেপ্তার করে। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হামকা আলমের সঙ্গে সরওয়ার ও মেক্সনের ঘনিষ্ঠতা আছে। তাঁকে আমরা অনেক দিন ধরে খুঁজছি। গ্রেপ্তারের পর হামকার স্বীকারোক্তির ভিত্তিতে শেরশাহ কলোনির একটি ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করি।’