হামজা আর রুস্তমের সঙ্গে যুক্ত হলো নির্ভীক ও প্রত্যয়
দুর্ঘটনাকবলিত নৌযান উদ্ধারে দক্ষিণ কোরিয়া থেকে ২৫০ মেট্রিক টন ওজন ক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধারকারী জাহাজ আমদানি করা হয়েছে। গত সোমবার রাতে ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’ নামের দুটি জাহাজ নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিতে এসে পৌঁছায়।৩৯ বছর পর উদ্ধারকারী নৌযান হামজা ও রুস্তমের সঙ্গে বিআইডব্লিউটিএর বহরে যুক্ত হলো নির্ভীক ও প্রত্যয়।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আলমগীর কবির বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ১৯৭৪ সালে আমদানি করা হয়। ওই জাহাজগুলোর প্রতিটির ক্ষমতা ছিল ৬০ টন। কিন্তু দেশে ডুবে যাওয়া জাহাজের ওজন বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হতো। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করে আনা প্রতিটি জাহাজ এককভাবে ২৫০ মেট্রিক টন এবং যৌথভাবে ৫০০ মেট্রিক টন ওজন ক্ষমতাসম্পন্ন জাহাজসহ অন্যান্য নৌযান নদী থেকে তুলতে পারবে। এতে উদ্ধারকাজ দ্রুত ও সহজ হবে। আলমগীর কবির বলেন, নতুন জাহাজের একটি নারায়ণগঞ্জ নদীবন্দরে, অপরটি বরিশালে অবস্থান করবে।