হামজা ব্রিগেডের তিনজনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ তিন সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন নাছির হোসেন, মো. শামসুদ্দিন ও আজিজুল হক।
২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি নগরের হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৭৬টি শক্তিশালী বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, ২৪টি শটগানের গুলি, বিপুল পরিমাণ তার, বাল্ব, মুখোশ, দস্তানা ও বুট উদ্ধার করে র্যা ব। ওই বাসা থেকে ফয়জুল হক নামের এক ব্যক্তি, তাঁর বোন রহিমা আক্তার, বড় বোনের ছেলে জায়েদুল্লাহ ও তাঁদের আত্মীয় আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এম জি রব্বানী নগরের হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তদন্ত শেষে র্যা ব গত বছরের ১ মার্চ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, হালিশহর থানার মামলার ১১ আসামির মধ্যে ১০ জনকে আদালতে হাজির করা হয়। মো. পারভেজ নামের এক আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে নাছির, শামসুদ্দিন ও আজিজুল হকের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
কৌঁসুলি আরও বলেন, ১১ আসামির বিরুদ্ধে রোববার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। আদালত আগামী ২১ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।