হামজা ব্রিগেডের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের সামরিক প্রধানসহ ১১ জনের বিরুদ্ধে হালিশহর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে শুনানির দিন ধার্য ছিল।

অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী বলেন, মামলার সিডি (কেস ডকেট) না থাকায় সময়ের আবেদন করা হয়। পরে আদালত ২৯ নভেম্বর পরবর্তী দিন ধার্য রাখেন।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ৭৬টি শক্তিশালী বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ প্রকারের বোমা তৈরির সরঞ্জাম, ২৪ রাউন্ড শটগানের গুলি, বিপুল পরিমাণ তার, বাল্ব, মাস্ক ও গ্লাভস এবং বুট জুতা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জালাল উদ্দিন আহাম্মদ গত ১৬ মার্চ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিরা হলেন ফয়জুল হক, তাঁর ছোট ভাই আজিজুল হক, বোন রহিমা আক্তার, বড় বোনের ছেলে জায়েদুল্লাহ, আত্মীয় আবদুল হাই, শহীদ হামজা ব্রিগেডের সামরিক শাখার প্রধান মনিরুজ্জামান ওরফে ডন, তাঁর সহযোগী আনোয়ার হোসেন, মো. শামসুদ্দিন, রাকিব হাসান, নাছির উদ্দিন খান ও মো. পারভেজ।

সরকারি কৌঁসুলি বলেন, আসামিদের মধ্যে পারভেজ পলাতক রয়েছেন। জামিনে রয়েছেন রহিমা আক্তার ও জায়েদুল্লাহ।