হামজা ব্রিগেডের ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা মামলায় ‘শহীদ হামজা ব্রিগেডের’ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যা ব।
এক বছর তদন্ত করার পর রযার ব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জালাল উদ্দিন আহাম্মদ গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
র্যা ব সূত্র জানায়, পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ প্রধান আল্লামা লিবদি ওরফে জুনায়েদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। ঠিকানা পেলে তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
এই প্রথম কোনো মামলায় ‘শহীদ হামজা ব্রিগেডের’ কর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি নগরের হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৭৬টি শক্তিশালী বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, ২৪টি শটগানের গুলি, বিপুল পরিমাণ তার, বাল্ব, মুখোশ, দস্তানা ও বুট উদ্ধার করে র্যা ব। ওই বাসা থেকে ফয়জুল হক নামের এক ব্যক্তি, তাঁর বোন রহিমা আক্তার, বড় বোনের ছেলে জায়েদুল্লাহ ও তাঁদের আত্মীয় আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যা ব জানায়, জঙ্গি প্রশিক্ষণ এবং দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে এসব বোমা ও বিস্ফোরক মজুত করা হয়। এ ঘটনায় র্যা ব-৭-এর সহকারী পরিচালক এম জি রব্বানী নগরের হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। প্রথম এক মাস মামলাটি তদন্ত করেন হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন। পরে জালাল উদ্দিন আহাম্মদ তদন্ত শুরু করেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ফয়জুল হক, তাঁর ছোট ভাই আজিজুল হক, বোন রহিমা আক্তার, বড় বোনের ছেলে জায়েদুল্লাহ, আত্মীয় আবদুল হাই; শহীদ হামজা ব্রিগেডের সামরিক শাখার প্রধান মনিরুজ্জামান ওরফে ডন, তাঁর সহযোগী আনোয়ার হোসেন, মো. শামসুদ্দিন, রাকিব হাসান, নাছির উদ্দিন খান ও মো. পারভেজ। তাঁদের মধ্যে পারভেজ পলাতক। ঘটনার দিন চারজনকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পরের মাসে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে ৪৮ জনকে সাক্ষী রাখা হয়েছে। অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আদালত এখনো তারিখ নির্ধারণ করেননি।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ১০ আসামির ১০ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দি ও তদন্তে এসেছে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে আল্লামা লিবদি ওরফে জুনায়েদের নির্দেশে (সম্ভবত মধ্যপ্রাচ্যের একটি দেশের লোক) হালিশহরের বাসায় বোমা ও বিস্ফোরকগুলো মজুত রাখা হয়। এগুলো দিয়ে প্রশিক্ষণ ও নাশকতা চালানোর পরিকল্পনা ছিল। পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় লিবদিকে এই মামলায় আসামি করা হয়নি। তবে ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তদন্ত ও গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে উঠে আসে, ২০১৩ সালে জামায়াতের নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর সরকারকে বেকায়দায় ফেলতে নাছির উদ্দিন খানের পরিকল্পনায় মনিরুজ্জামান ওরফে ডন কুমিল্লা ও আশপাশের এলাকা থেকে অস্ত্র, বোমা ও বিস্ফোরক জোগাড় করে হালিশহরে আজিজুলের ভাড়া বাসায় রাখেন। এগুলো কেনার জন্য তিন দফায় মনিরুজ্জামান ৪ লাখ ১৩ হাজার টাকা দেন আনোয়ারকে।