হামদর্দের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের হাকিম মো. ইউছুফ বলেন, ‘অভিযোগ মিথ্যা। অভিযোগের সঙ্গে আমি জড়িত নই।’

দুদক সূত্র জানায়, হাকিম মো. ইউছুফের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে আছে, স্বজনপ্রীতির মাধ্যমে নিজ সন্তানদের পরিচালক পদে চাকরি দিয়ে বেশি বেতন দেওয়া এবং অনিয়মের আশ্রয় নিয়ে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির নামে অর্থ আত্মসাৎসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন।

অভিযোগ বলছে, হাজার কোটি টাকা মূলধনের প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ দুর্নীতি, অনিয়ম ও পরিবারতন্ত্রের বেড়াজালে রয়েছে। ওয়াকফ আইনের তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটিতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। হামদর্দ নিয়ন্ত্রণ করছেন ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ। এর গুরুত্বপূর্ণ আরও তিন পদে রয়েছেন তাঁর তিন সন্তান। হামদর্দের চারটি গুরুত্বপূর্ণ পদই হাকিম ইউছুফ ও তাঁর পরিবারের সদস্যদের দখলে। গুরুত্বপূর্ণ পদগুলো পরিবারের দখলে থাকায় হাকিম ইউছুফ টেন্ডার ছাড়াই অথবা গোপন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার কাঁচামাল আমদানি, মেশিন ও যন্ত্রপাতি কেনা, জমি কেনা, কনস্ট্রাকশন, কেমিক্যাল কেনা, ক্যালেন্ডার-ডায়েরি প্রিন্টিং ও প্রকাশনা খাতে দুর্নীতি করছেন।

হাকিম ইউছুফকে এর আগে গত ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি।