হামলা, ভাঙচুর আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গতকাল সোমবার ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আরেক বিজয়ী চেয়ারম্যান রমজান আলী তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট বাজার, চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা এবং কেড়াগাছি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।কেরালকাতা ইউপির বর্তমান চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী আবদুল হামিদ জানান, বিজয়ী চেয়ারম্যান গোলাম মোর্শেদের সমর্থকেরা তাঁর কাজীরহাট বাজারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় তাঁকে এবং মেয়ে কলেজছাত্রী হাসিনা খাতুন, ছেলে কলেজশিক্ষক আজাহারুল ইসলাম, বোন আকলিমা খাতুনসহ আটজনকে মারধর করে আহত করা হয়। আহত ব্যক্তিদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা তাঁর এক সমর্থক নজরুল ইসলামের দোকানে ভাঙচুর ও লুটপাট করে।উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম জানান, গতকাল সকাল নয়টার দিকে চন্দনপুর ইউপির বিজয়ী চেয়ারম্যান রমজান আলী কয়েকজন সমর্থক নিয়ে পরাজিত প্রার্থী গাজী রবিউল ইসলামের বাড়িতে শুভেচ্ছা জানাতে যান। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে লাঞ্ছিত করেন।এদিকে কেড়াগাছি ইউপির পরাজিত সদস্য পদপ্রার্থী মুনসুর হাজরা জানান, গতকাল সকাল সাড়ে আটার দিকে বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকেরা গাড়াখালী ও কেড়াগাছি মোড়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা কেড়াগাছি গ্রামের আমজাদ হোসেন, এজাহার আলী, মোবারক আলী, মহিদুল ইসলাম, আবু তালেহসহ সাতজনকে মারধর করে আহত করেন।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ওই সব এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।