হামলা আগুন ব্যালট বাক্স ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ, আগুন লাগানো ও ব্যালট বাক্স ছিনতাই করার কারণে ঝিনাইদহ ও মাগুরায় নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া যশোর-৪ ও ৫ আসনেও সহিংসতার ঘটনা ঘটেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনের ১৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান জানিয়েছেন। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ১৩টির ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে রয়েছে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, পাশপাতিলা প্রাথমিক বিদ্যালয় ও বলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়।
আর মহেশপুর উপজেলায় সামন্তা দাখিল মাদ্রাসা, গাড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়, কোলা প্রাথমিক বিদ্যালয়, নওদাগ্রাম প্রাথমিক বিদ্যালয়, দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়, লালপুর প্রাথমিক বিদ্যালয়, গোয়ালহুদা স্যাটেলাইট স্কুল ও সড়াতলা প্রাথমিক বিদ্যালয়। এগুলোর বেশির ভাগ কেন্দ্রে ভোট বর্জনকারীরা আগুন লাগিয়ে দেওয়ায় প্রশাসন ভোট বন্ধ করতে বাধ্য হয়েছে।
মাগুরা: জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, নির্বাচনী সহিংসতার কারণে দুটি আসনের মধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা পারনান্দুয়ালি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও পারনান্দুয়ালি কমিউনিটি সেন্টার কেন্দ্রে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক বোমাবাজি করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। পরে ওই তিন ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পারনান্দুয়ালি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয়ের ভেতরের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ হয়ে আছি। প্রশাসন আমাদের উদ্ধার করে নিয়ে না গেলে বের হওয়ার সুযোগ নেই।’
দুপুর সাড়ে ১২টার দিকে শহরের স্টেডিয়ামপাড়া বালিকা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পেট্রলবোমা হামলা চালানো হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে বরুণাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে শতাধিক দুর্বৃত্ত মহম্মদপুর উপজেলার রাজাপুর রাহাতপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় ও ২০-২৫টি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘এ সময় তাঁরা ভোট গ্রহণের কাজে থাকা সবাইকে মারধর করে ও ব্যালট বাক্স লুট এবং ভোটের কাজের ব্যবহূত সব সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় দুজন আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।’ পাশে নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও তারা হামলা চালায়।
কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনের ১০টি ভোটকেন্দ্র ঘুরে কোথাও বেশি, কোথাও কম সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। বেগমপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির কর্মীরা ভোটকেন্দ্রে হামলা চালিয়ে একটি ব্যালট বাক্স ভেঙে ফেলেন। মিজানুর রহমান নামের একজন ভোটার অভিযোগ করেন, ভোট প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমলাপুর গ্রামের ইবাদ আলীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা ভোট দিতে বাধা দেন। এখানে নির্বাচনবিরোধীরা কমলাপুর-নড়িতলা কাঁচা সড়ক, পাঁজিয়া-কমলাপুর এবং মাগুরখালী-কমলাপুর সড়ক কেটে দেয়। পরে মাটি দিয়ে এগুলো ভরাট করে দেওয়া হয়। এখানকার প্রিসাইডিং কর্মকর্তা আবু তালেব বলেন, ভোটের আগের রাতে ৩০-৩৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সঞ্চার করা হয়। বেলকোঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালে বিএনপির কর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেন। এর প্রতিবাদ করলে পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামকে মারধর করা হয়। এ সময় ভোট দিতে যাওয়া সাগরদত্তকাটী গ্রামের সরস্বতী মণ্ডল, অনুমতি মণ্ডল, আরতি মণ্ডল ও হাজারী মণ্ডলকে পিটিয়ে ঘেরের পানিতে ফেলে দেওয়া হয় বলে তাঁরা অভিযোগ করেন।
অভয়নগর (যশোর): যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া ও সদর আংশিক) আসনে সকাল থেকে বেশির ভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়নি। বেলা বাড়ার পর অনেক ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার চাঁপাতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াতের শতাধিক কর্মী ৮-১০টি বোমা হামলা চালান। পরে যৌথ বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর নির্বাচনবিরোধীরা ওই এলাকার ভোটার বিশ্বজিৎ সরকার (৩১) ও শ্যামল সরকারকে (২৮) কুপিয়ে মারাত্মক আহত করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুর ১২টার দিকে মহাকাল কলেজিয়েট স্কুল কেন্দ্রে বিএনপি ও জামায়াতের শতাধিক কর্মী হাতবোমা ও পেট্রলবোমা মেরে ভোটকেন্দ্র দখল করেন।
এ ছাড়া শহীদ নজিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর রউফিয়া মাদ্রাসা এবং ভুলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমা হামলার ঘটনা ঘটে।
বাঘারপাড়া উপজেলার বহরামপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং দুুর্গাপুর মাদ্রাসা কেন্দ্রের পেছনে দুটি বোমা বিস্ফোরিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম বলেন, ‘বাঘারপাড়ায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। আমাদের কাছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।’