হামলা ইউক্রেন না রাশিয়া করেছে, নিশ্চিত নয়: নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ থামলে বাংলাদেশ শিপিং করপোরেশনের বাণিজ্যিক জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে আনা হবে। এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বাকি নাবিকদেরও নিরাপদ স্থানে নেওয়া হবে বলে জানান তিনি। বর্তমানে জাহাজটিতে ২৮ জন নাবিক অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘হাদিসুরের মরদেহ ইউক্রেনে সংরক্ষণ করা হয়েছে। এই হামলা ইউক্রেন নাকি রাশিয়া করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যখন আমরা জানব কারা আক্রমণ করেছে, তখন সে ব্যাপারে আমরা কথা বলব।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ যুদ্ধক্ষেত্রের আওতায় থাকার কথা নয় কিন্তু আমরা আক্রান্ত হয়ে গেলাম। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারব। আমাদের পক্ষ থেকে কূটনৈতিকভাবে যতটুকু কথা বলা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলো চলমান আছে।’
এদিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় গোলা হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ থেকে উদ্ধারের আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন নাবিকেরা।
ভাইরাল হওয়া ভিডিওতে এক নাবিককে বারবার বলতে শোনা যায়, ‘আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।’
ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা জাহাজটিতে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) গোলা আঘাত হানে। এতে এক বাংলাদেশি নাবিক নিহত হন। ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।
এমভি ‘বাংলার সমৃদ্ধি’ বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। শিপিং করপোরেশন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এ সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে সেখানে অবস্থান করছিল। ওই দিন ভোরেই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।