হামলা ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে নিয়ামতপুরে আদিবাসীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল মৌজার বরামবাড়ি আদিবাসী গ্রামে হামলা, লুটপাট ও ভূমি থেকে উচ্ছেদ-চেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর উপজেলা সদরে আদিবাসীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছে।হামলার শিকার বরামবাড়ি গ্রামসহ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন আদিবাসী গ্রামের কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ামতপুর থানা ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। আদিবাসীদের সংগঠন লাহন্তি আখড়া ফোরাম এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা দুরবিন কিসকু, মতিলাল টপপো, সর্বেশ্বর রায় প্রমুখ। বক্তারা বলেন, গত ১২ জুন সকালে ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বরামবাড়ি আদিবাসী গ্রামে হামলা চালায় এবং কয়েকটি কুঁড়েঘর ভেঙে দেয়। তারা আদিবাসীদের চাল-ডাল, থালা-বাসন লুট করে নিয়ে যায়। হামলাকারীরা নারী ও শিশুদের মারধর করে। এতে পলাশ হেমব্রম নামে একজন গুরুতর আহত হয়। তা ছাড়া এ ঘটনার পর থেকে অনিল মুর্মু ও লুইস মুর্মু নামের দুজন আদিবাসী তরুণ নিখোঁজ রয়েছে।স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে নিয়ামতপুরের ইউএনও মোল্লা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ভাঙচুরের বা লুটপাটের কোনো আলামত পাইনি। স্থানীয় কিছু ব্যক্তি জমিটি দীর্ঘদিন ভোগদখল করে আসছে। সম্প্রতি আদিবাসীরা সেখানে গিয়ে ঘরবাড়ি করেছে। জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আগামী শুক্রবার উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। আমরা আপসের চেষ্টা চালাচ্ছি।’