হামলা ও নির্যাতনের প্রতিবাদে শালিখায় বিক্ষোভ সমাবেশ
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের ১০টি গ্রামের হিন্দুধর্মাবলম্বী লোকজনের ওপর ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা সন্ত্রাসীরা হামলা, নির্যাতন ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গত সোমবার দুপুরে বুনাগাতি বাজারে দুই সহস্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।গ্রামবাসীর অভিযোগ, হাটবাড়িয়া, কুয়াতপুর, ছাবড়ি, নরপতি, রাধাডাঙ্গা, নালিয়া, রামপুর, দেশমুখপাড়াসহ ইউনিয়নের ১০টি গ্রাম হিন্দু অধ্যুষিত। দীর্ঘদিন ধরে এসব গ্রামের মানুষ ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা হাটবাড়িয়া গ্রামের যুবলীগের নেতা নামধারী মোস্তাক হোসেন, ওবায়দুর রহমানসহ ১০-১৫ জনের একটি দলের হাতে নির্যাতিত হচ্ছে। পুলিশও এঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মোস্তাক হোসেন ও ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে বলেন, বুনাগাতি ইউনিয়নের বিভিন্ন হিন্দু গ্রামে হামলা, নির্যাতন ও নীরব চাঁদাবাজি চলছে। সন্ত্রাসীরা ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে এগুলো করছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা যুবলীগের পরিচয় দিয়ে থাকেন। এঁরা চলেন ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে। আগে বিএনপির সঙ্গেও ছিলেন। বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।নির্যাতনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে শালিখা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘নিশিকান্তকে মারধরের ঘটনায় আমরা থানায় মামলা নিয়েছি।’