নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত রোববার প্রশাসনিক ভবন, ছাত্র হল, শিক্ষকদের মাইক্রোবাস ও শিক্ষার্থীদের বাসে ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ছাত্রলীগের নামধারী বলে প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা গেছে। এ ঘটনায় ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।দুর্বৃত্তদের হামলায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ক্যাম্পাসে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইক্রোবাস না দেওয়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হামলাকারীরা ছাত্রদের একটি হলে ছাত্রলীগ নামধারী অপর অংশের সমর্থকদের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় এবং লেপ-তোশকসহ বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মঞ্জুর আলমসহ ছয় ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যরা হলেন: বিনয় রায়, মাহমুদুর রহমান, আনিছুল ইসলাম, ত্রিপাদী চাকমা ও মো. আমির হামযা। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানায়, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এসএসসিই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নামধারী এক পক্ষের নেতা মঞ্জুর আলমের সমর্থক কামরুজ্জামান শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে সোনাপুর এলাকায় একদল দুর্বৃত্ত তাঁকে মারধর করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।বিকেলে মঞ্জুর আলমের সমর্থক ও তাঁর সঙ্গীরা কামরুজ্জামানকে হাসপাতাল থেকে ক্যাম্পাসে নেওয়ার জন্য শিক্ষকদের ব্যবহূত মাইক্রোবাসের জন্য পরিবহন কর্মকর্তা রবিউল হাসানকে অনুরোধ করেন। রবিউল বিষয়টি প্রশাসনকে জানালে তাঁকে জানানো হয়, মাইক্রোবাস শিক্ষকদের আনা-নেওয়ার কাজে ব্যস্ত থাকায় অসুস্থ ছাত্রকে পরিবহন-সুবিধা দেওয়া সম্ভব নয়।সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে কামরুজ্জামানকে ক্যাম্পাসে নিয়ে যান মঞ্জুর। সাড়ে ছয়টার দিকে মঞ্জুর তাঁর সহযোগী কর্মী-সমর্থকদের নিয়ে শিক্ষক ডরমিটরি সামনে গিয়ে পরিবহন কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতাদের গালমন্দ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস ভাঙচুর করেন।একই পক্ষের ছাত্ররা প্রশাসনিক ভবনের নিচতলার অন্তত ১০টি জানালার ও একটি বাসের গ্লাস ভাঙচুর করেন। তাঁরা ভাষাশহীদ আবদুস সালাম হলে গিয়ে ছাত্রলীগ নামধারী অপর পক্ষের নেতা আবদুল মাজেদের সমর্থকদের ১৫-২০টি কক্ষে ভাঙচুর চালান। এ সময় কয়েকটি কম্পিউটার লুট হয়েছে বলে অভিযোগ করেন মাজেদ।সাধারণ ছাত্ররা জানান, একপর্যায়ে মঞ্জুর পক্ষের কর্মীরা মাজেদের সমর্থকদের বিভিন্ন কক্ষ থেকে লেপ-তোশকসহ বিভিন্ন জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ক্যাম্পাসে গেলে পরিস্থিতি শান্ত হয়।মঞ্জুর আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, এক অসুস্থ ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে করে হাসপাতাল থেকে ক্যাম্পাসে না নেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর করেন। একই সঙ্গে তাঁরা প্রশাসনিক ভবনে হামলা চালান। উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছয় ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় মামলা হয়েছে।