মুন্সিগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি তারেক কাশেম বুধবার রাতে বিএনপি ও যুবদলের সাত নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছেন। ওই মামলার তিন ঘণ্টা পরই একই কমিটির সহসভাপতি সুলতান আহমেদ পাল্টা মামলা করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে তারেক কাশেমকে। দুটি মামলার বিবরণে তারিখ ও ঘটনাস্থল একই থাকলেও ঘটনার সময়ে ভিন্নতা রয়েছে। প্রথম মামলায় হামলা ও ভাঙচুরের সময় উল্লেখ করা হয়েছে ৩ ফেব্রুয়ারি দুপুর দেড়টা। দ্বিতীয় মামলায় উল্লেখ করা হয়েছে বেলা ১১টা। পুলিশ জানায়, তারেক কাশেমের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় বিএনপির নেতা খোরশেদ আলমকে। দ্বিতীয় আসামি শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওরফে শহিদ কমিশনার। তৃতীয় আসামি ওয়ার্ড বিএনপির নেতা বজলুর রহমান। মামলার প্রথম তিন আসামি পরস্পর সহোদর। চতুর্থ আসামি জেলা যুবদলের সহসভাপতি সুলতান মিয়া। এ ছাড়া ছাত্রদলের নেতা ভিপি শাহরিয়ারসহ এই মামলায় মোট সাতজন আসামির নাম উল্লেখ করা হয়েছে। সুলতান মিয়ার দায়ের করা মামলায় তারেক কাশেম ছাড়াও চরজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন: যুবদলের কর্মী মিজানুর রহমান, জেলা বিএনপির বিশেষ সম্পাদক সাইদুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও বিএনপির কর্মী আবদুর রশীদ। শেষের তিনজন সহোদর। এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পুলিশ দুটি মামলারই তদন্ত শুরু করেছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বলেন, পুলিশ যদি একই ঘটনায় দুটি মামলা নেয় তাহলে মানুষ কীভাবে পুলিশের ওপর আস্থা রাখবে?