হামলা ও ভাঙচুরের জন্য সাংসদকে দায়ী করল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোজাম্মেল হোসেন ও কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়ী করা হয়েছে।জেলা বিএনপি গতকাল রোববার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। তারা ওই পুলিশ সদস্যদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। আওয়ামী লীগের মিছিল থেকে শনিবার ওই হামলার ঘটনা ঘটে। এতে আহত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নেতা গুরুদাস (৩৮) ও শ্রমিক দলনেতা শেখ রুহুল আমিনের (৪০) অবস্থা আশঙ্কাজনক বলে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে। গতকাল সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশবেষ্টিত একটি মিছিল কোনো প্রকার উসকানি ছাড়াই জেলা বিএনপির কার্যালয় চারদিক থেকে ঘিরে ফেলে হামলা চালায়। তারা অফিসের সীমানাপ্রাচীর ও প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গুলি ও ইটের আঘাতে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত না করে উল্টো বিএনপির কার্যালয়ের ভেতরে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর বিএনপির কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তাঁদের ৭০ থেকে ৮০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলী রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক প্রমুখ।