ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাইয়াউক গ্রামে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আসামিপক্ষের অন্তত ৫০টি পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘরে থাকা আসবাবপত্র লুটপাট করাসহ ইট, কাঠ, টিন, রড নেওয়াসহ নলকূপও খোলে নেওয়া হয়েছে। পরিবারগুলোর শতাধিক বিঘা রবিশস্যের জমি বাদীপক্ষের লোকজন আগুনে পুড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ওই গ্রামে প্রায় এক মাস ধরে এ অবস্থা চলছে। উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরও বাদীপক্ষের লোকজনের অত্যাচারে আসামিপক্ষের পরিবারগুলোর সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে পুলিশ কোনো ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা।গত রোববার সরেজমিনে দেখা গেছে, গ্রামের পূর্ব দিকে থাকা বসতঘরগুলো লন্ডভন্ড। শূন্য ভিটায় পড়ে আছে বসতঘরের ধ্বংসাবশেষ। দেখে মনে হয়, গ্রামের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে।খোঁজ নিয়ে জানা যায়, গ্রামের সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরণ ও পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে হামলা-মামলা ও পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।গ্রামের অন্য বাসিন্দারা জানান, সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খন্দকার শাহীন এ গ্রামেরই বাসিন্দা। তাঁর পছন্দের শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা না দেওয়ায় ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান এবং সহকারী শিক্ষক প্রদীপ রায়কে বিদ্যালয়ের কক্ষে আটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। পরে শিক্ষার্থীরা আতঙ্কে বাড়ি ফিরে আসে। খবর পেয়ে গ্রামের বাসিন্দা রোকন উদ্দিন, আলাউদ্দিন, হুকুম আলীসহ অন্যরা এ ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে খন্দকার শাহীন ও তাঁর পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করে। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে কয়েক দফা পাল্টাহামলার ঘটনা ঘটে। এ সময় শাহীনপক্ষের লোকজন রোকন উদ্দিনপক্ষের লোকজনদের বাড়িঘরে লুটপাট চালায়।এ ঘটনার পর এক শিক্ষার্থীর উপবৃত্তির কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগে সাইয়াউক গ্রামের এক অভিভাবক আলাউদ্দিন মিয়া শাহীনের বিরুদ্ধে মামলা করেন। বাড়িঘর ও মাছের খামার লুটপাটের অভিযোগে শাহীনপক্ষের লোকজনের বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়। পরে মামলাসংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ অক্টোবর দুই পক্ষ টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে শাহীনপক্ষের বাচ্চু মিয়া (৪০) বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এরপর রোকন উদ্দিনপক্ষের ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় শাহীনপক্ষ থেকে। শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা। ওই পক্ষের নারী-শিশুসহ সবার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে ভয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর ফাঁকা বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।সাইয়াউক গ্রামের ইউপির সদস্য জাহেদ মিয়া বলেন, ‘তাদের অত্যাচার-নির্যাতনের মাত্রা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু তারা আমার কথায় কান দিচ্ছে না। অন্যদিকে, থানা-পুলিশও কোনো ভূমিকা পালন করেনি।’সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন জানান, উপবৃত্তির টাকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের জন্যই মূলত তাঁদের মধ্যে দ্বন্দ্ব। এখন গ্রামের প্রায় ৮৫ ভাগ বাড়িই ধ্বংসস্তূপ। গ্রামজুড়ে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীর উপস্থিতি একেবারে নেই বললেই চলে।ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে ঘটনাস্থল দেড়-দুই মাইল দূরে। আমরা সেখানে পৌঁছানোর আগেই ঘটনা ঘটে যায়। এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য অনেক চেষ্টা করেছি। গ্রামে পুলিশ ক্যাম্পও ছিল। তার পরও গ্রামে শান্তি বজায় রাখা যায়নি।’নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, দুই পক্ষই উচ্ছৃঙ্খল প্রকৃতির। গ্রামটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় সেখানে তাৎক্ষণিক পুলিশ পাঠানো সম্ভব হয় না। তবে এখন গ্রামের পরিস্থিতি শান্ত বলে দাবি করেন তিনি।