চাঁদপুরের ফরিদগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় আহত হওয়ার অভিযোগের মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জের রামপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার তোফায়েল আহমেদ (৫৫), জহির (৩০) ও লিটন খলিফা (৪০)। তাঁরা এ মামলার আসামি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, গত মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জের রামপুর বাজার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে রামপুর এলাকার রাজু ও নাইম নামে দুই বখাটে উত্ত্যক্ত করছিল। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ওই এলাকার বাসিন্দা সৈয়দ আহম্মেদ এ ঘটনার প্রতিবাদ করেন। এর জের ধরে সন্ধ্যায় রামপুর বাজারে রাজু, নাইম, এমরানসহ ১০-১২ জন সৈয়দ আহম্মেদ ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সৈয়দ আহম্মেদ হামলাকারীদের গুলিতে ও মহিউদ্দিন আহম্মেদ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। বর্তমানে তাঁরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানতে পেরে বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার গতকাল বিকেল চারটার দিকে পুলিশ নিয়ে রামপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।