হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুটি মামলা
ময়মনসিংহের নান্দাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান ও সাফায়াত হোসেন গত বৃহস্পতিবার রাতে মামলা দুটি করেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারিআনিপাড়ার শাহাবুদ্দিন নান্দাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশের একটি দল শাহাবুদ্দিনের পিছু নিয়ে চারিআনিপাড়ায় যায়। বাড়িতে ঢোকার সময় শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চালালে তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন। এতে পুলিশের চারজন সদস্য আহত হন। পরে শাহাবুদ্দিনের স্ত্রী, বাবাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নান্দাইল মডেল থানা দুটি মামলা করা হয়। একটি মামলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহাবুদ্দিনকে আসামি করা হয়েছে। অপরটিতে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪১ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় কয়েক জন বাসিন্দা অভিযোগ করেন, থানা থেকে এক কিলোমিটারের মধ্যেই শাহাবুদ্দিনের বাড়ি। তাঁর বাড়িতে লোকজনের ভিড় লেগে থাকত। যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় থানার এত কাছে নির্বিঘ্নে মাদকের ব্যবসা পরিচালিত হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘শাহাবুদ্দিন একটি মাদক মামলার আসামি। তাঁর অবস্থান জেনেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছিল। কিন্তু পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা ইয়াবা ব্যবসায়ীদের ধরছি, নিয়মিত মামলা দিচ্ছি, ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে শাস্তির ব্যবস্থা করছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’