হামলা ছাত্রলীগের, দুঃখ প্রকাশ উপাচার্যের

• ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি হলে তল্লাশি।
• আটজনকে আটক করে পুলিশ।
• ঘটনার পরদিন ১৫টি গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
• প্রক্টর কার্যালয়েও হামলা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছিলেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির এক পক্ষের নেতা-কর্মীরা। আর এই ঘটনায় সাংবাদিক নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। এ সময় তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় সচল রাখা নিয়ে আমাকে শঙ্কায় থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী ঘটনা ঘটছে তার পেছনে নিয়োগ-বাণিজ্য এবং টেন্ডারবাজির ঘটনা জড়িত।’
কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং পেশাজীবীদের নিয়ে বৈঠক করারও কথা জানান।
সভায় উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিইউজে ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এর আগে বিচারের দাবিতে ২৬ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির নেতারা।
সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমেদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, টিভি ইউনিটের প্রধান অনিন্দ্য টিটো, সাংবাদিক নেতা মিন্টু চৌধুরী, শাহরিয়ার হাসান, উত্তম সেন গুপ্ত, মাসুদুল হক, আরিফুর রহমান সবুজ, পার্থ প্রতীম বিশ্বাস প্রমুখ।
ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি করে আটজনকে আটক করে পুলিশ।
ঘটনার পরদিন ১৫টি গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা প্রক্টর কার্যালয়েও হামলা চালান।
হামলা চালানোর সময় বেশ কয়েকটি টেলিভিশনের সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে প্রক্টরের মন্তব্য নিচ্ছিলেন। এমন সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে তাঁরা আহত হন।