হামলা ঠেকাতে কেউ আসেনি, লুটপাটে ছিল সর্বদলীয় ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের ওপর হামলার সময় প্রশাসন বা রাজনৈতিক দলসহ কাউকেই হামলাকারীদের প্রতিরোধে কিংবা হামলার শিকার মানুষকে রক্ষায় এগিয়ে আসতে দেখা যায়নি। বরং সংখ্যালঘুদের সম্পদ লুটপাটে ‘সর্বদলীয় ঐক্য’ লক্ষ করা গেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি জেলায় চারজন সংখ্যালঘুকে হত্যা ও দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে।
লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৩২টি জেলায় সংখ্যালঘুদের ৪৮৫টি বাড়িঘর, ৫৭৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ১৫২টি মন্দির-উপাসনালয় আক্রান্ত হয়েছে।
রানা দাশগুপ্ত অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর হামলা যেসব এলাকায় ঘটেছে, সেসব এলাকার সাংসদেরা ঘটনার অনেক দিন পরও দুর্গত ব্যক্তিদের পাশে এসে দাঁড়াননি। সংখ্যালঘুদের সম্পদ লুটপাটে ‘সর্বদলীয় ঐক্য’ লক্ষ করা গেছে।
বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ ভারতে প্রবেশ করছে—বুধবার কলকাতায় বিজেপি নেতা নরেন্দ্র মোদির এ অভিযোগের বিষয়ে মতামত জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা পরিদর্শনে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে ভারতে পাড়ি দিচ্ছে বলে আমরা প্রমাণ পেয়েছি।’ তিনি প্রিভেনশন অব কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স নামে একটি বিশেষ আইন প্রণয়নের দাবি জানান। সংখ্যালঘুদের সংখ্যা হ্রাসের তথ্য দিয়ে রানা দাশগুপ্ত এর কারণ নির্ণয়ের জন্য একটি কমিশন গঠন এবং পৃথক জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান। সংখ্যালঘুদের মধ্য থেকে একজনকে পূর্ণ মন্ত্রী করারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংসদ উষাতন তালুকদার সংসদে সংখ্যালঘু এবং আদিবাসীদের ওপর হামলা এবং নির্যাতনের বিষয়টি তুলে ধরার অঙ্গীকার করে বলেন, সবাই মিলে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।