হামলা, নির্বিচারে গাছ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুটি আসনের বেশির ভাগ কেন্দ্রে গতকাল পরিবেশ মোটামুটি শান্ত থাকলেও ভোটারের উপস্থিতি ছিল একেবারে কম। অনেক জায়গায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে হামলা, সংঘর্ষ ও কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। বাঘায় ভোট কেন্দ্র দখলে ব্যর্থ হয়ে গ্রামে হামলা চালিয়ে শতাধিক ছাগল লুট ও চার শতাধিক আমগাছ কেটে ফেলেছেন নির্বাচনবিরোধীরা।
তবে কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়নি। রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে দুটি আসনে নির্বাচন হয়।
ভোটারের উপস্থিতি কম: সকাল আটটার দিকে রাজশাহী-৩ আসনের মাসকাটা দিঘী বহুমুখী (কারি) স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, কেন্দ্র প্রায় ভোটারশূন্য। সকাল পৌনে ১০টায় গিয়ে ১০-১৫ জন ভোটারকে ঢুকতে দেখা যায়। বেলা তিনটায়ও কেন্দ্রটি ছিল অনেকটা ফাঁকা। সেখানে দুটি কেন্দ্র। নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল আলম জানান, এক হাজার ৯৬০ জন ভোটারের মধ্যে তিনটা পর্যন্ত আড়াই শয়ের মতো ভোট পড়েছে। এ আসনের আরও কয়েকটি কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্র পাওয়া গেছে। রাজশাহী-৬ আসনের ১০টি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতির একই চিত্র দেখা গেছে।
পথে পথে বাধা: চারঘাটের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ককটেল মেরে ত্রাস সৃষ্টি করে রাস্তায় প্রতিবন্ধক দিয়ে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পুলিশের সঙ্গে নির্বাচনবিরোধীদের সংঘর্ষ হয়েছে। পরে আওয়ামী লীগের লোকজনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। পবা শ্যামপুরে গতকাল সকালে গাছের গুঁড়ি দিয়ে সড়ক অবরোধ করে ভোটারদের বাধা দেওয়া হয়েছে। বাঘার অমরপুর কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন প্রতিপক্ষের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে। এ নিয়ে সেখানে সংঘর্ষ হয়েছে। সহিংসতা, গাছ হত্যা, ছাগল লুট: জামায়াত-শিবিরের কর্মীরা বাঘা উপজেলার তুলশীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আসেন। তাঁরা কেন্দ্রের পাশের বাড়ি থেকে ভেতরে ককটেল ছুড়ে মারেন। এ সময় সেনাবাহিনী তাঁদের ধাওয়া করলে পশ্চিম পাশের মাঠে নেমে সাজদার রহমান নামের এক ব্যক্তির অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেন। বাগানে রাখা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেন। সেখানে বাঘা থানার পুলিশ উপস্থিত থাকলেও তাঁরা এগোতে পারেনি। বেলা একটা পর্যন্ত তাঁরা কেন্দ্রের দক্ষিণ পাশের রাস্তা অবরোধ করে রেখে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর পর মসজিদের মাইক থেকে কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। বেলা দেড়টার দিকে র‌্যাব সদস্যরা উপস্থিত হলে তাঁরা পাশের হরিপুর গ্রামে হামলা চালিয়ে চার শতাধিক আমগাছ কেটে ফেলেন। গ্রামের লোকজন অভিযোগ করেন, মাঠ থেকে তাঁরা শতাধিক ছাগল ও একটি গরু লুট করে নিয়ে গেছেন। সেখানে গিয়ে দেখা যায়, গৃহিণী মুঞ্জেরা বেগম মাটিতে পা ছাড়িয়ে কাঁদছেন। তাঁর পাঁচটি ছাগলই তাঁরা লুট করে নিয়ে গেছেন। এনামুল হকের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। বাধা দিতে গেলে তাঁরা তিন যুবক জিল্লুর, জাকির ও আজদার—জালাল উদ্দিন নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করে রেখে যান।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান শিবিরের কর্মীরা। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের দুই দফা সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। বিকেলে ১৮ দলের কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পাশের আরেকটি কেন্দ্র চরশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে ককটেল হামলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীদের সংঘর্ষ বেধে যায়।