জাতীয় প্রেসক্লাব ও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চত্বরে সরকার-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেননি। তাঁরা পতাকা মিছিল করছিলেন বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
গতকাল সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ইংরেজি নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহিম ফাতেমী ও শেখ মুহম্মদ মারুফ হাসান।
একজন সাংবাদিক প্রশ্ন করেন ঢাকার রাস্তায় মানুষ যেন চলাচল করতে পারে, সে জন্য পুলিশ সব সময় তৎপর। কিন্তু একজন বিশিষ্ট নাগরিকের বাড়ির সামনে দুই দিন ধরে পাঁচটি বালুভর্তি ট্রাক পড়ে আছে, এগুলো সরানো হচ্ছে না কেন—জানতে চাইলে কমিশনার বলেন, ‘নো কমেন্ট’।
সর্বোচ্চ আদালতে, প্রেসক্লাবে পুলিশের সামনেই সরকার-সমর্থক সন্ত্রাসীরা লাঠি-হকিস্টিক হাতে হামলা চালিয়েছেন। পুলিশ কেন তাঁদের ক্ষেত্রে নমনীয় ছিল জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমরা যেটা জানি তাঁরা পতাকা মিছিল করেছে। এখন এটাকে লাঠি হিসেবে কনভার্ট করেন, আমি সেভাবে দেখব না।’ তিনি বলেন, ‘আর হাইকোর্টে হামলার যে বিষয়টি বলছেন আপনারা... ওইভাবে বলাটা ঠিক হবে না।’
এরপর কমিশনার বলেন, প্রেসক্লাব ও হাইকোর্টের ভিন্ন আবেদন, মর্যাদা ও চরিত্র রয়েছে। সেটির সুযোগে ক্রমাগতভাবে এই দুটোকে ঢাল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ডে যাঁরা ব্যবহার করেন তাঁদের ভাবার কোনো কারণ নেই যে এগুলোতে শুধু তাঁদের অধিকার রয়েছে, অন্য কারোর নয়। এই আদালত সবার। এই প্রেসক্লাব সবার। এটা জাতীয় প্রেসক্লাব।
কমিশনার বলেন, আমরা প্রেসক্লাবকে ভিন্ন চোখে দেখি। এখন সেটা যেন বিশেষ কোনো গোষ্ঠীর রাজনীতির আখড়ায় পরিণত না হয়। এমনও দেখেছি জঙ্গিবাদীরাও সেখানে বসে মিটিং করছে। এই যে ভিন্ন চোখে দেখা, সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করা ঠিক হবে না।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রেসক্লাব আপনাদের সবার। তার পরও দেখি সবাই প্রেসক্লাবের সদস্য হতে পারে না। একটা গোষ্ঠী কুক্ষিগত করে রাখবে, তা তো হতে পারে না।
কমিশনারের দাবি, ‘একইভাবে আদালতকেও ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে ক্রমাগত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। ইট-পাটকেল ছোড়া হচ্ছে পুলিশের দিকে। রোববার সেখানে দুটি রাজনৈতিক পক্ষ মুখোমুখি হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ সেখানে ঢুকেছে। আদালত কর্তৃপক্ষকে অনুরোধ করব কেউ যেন আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করতে পারে। আমি আদালতকে অনুরোধ করব একটি তদন্ত কমিটি গঠন করে যাঁরা এগুলো করেন তাঁদের বহিষ্কার করতে। আমরা দেখেছি বাইরে থেকে ক্যাডার নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা আইনজীবী নন, তাঁরাও সেখানে গিয়েছেন। এগুলো স্থায়ীভাবে বন্ধ করা দরকার।’
প্রেসক্লাবের প্রতিবাদ: এদিকে গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। তাঁরা দাবি করেছেন, প্রেসক্লাবে জঙ্গিবাদীরা মিটিং করে, একটি বিশেষ গোষ্ঠী প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করছে—কমিশনারের এ বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তাঁরা বলেন, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এ ধরনের বক্তব্য অনভিপ্রেত ও সাংবাদিকদের প্রতি কটাক্ষ। গত ষাট বছরে কোনো সরকারি কর্মকর্তা প্রেসক্লাবের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলে নজির নেই। এ ধরনের বক্তব্য সুদূরপ্রসারী কোনো ষড়যন্ত্রের পূর্বলক্ষণ বলে আমরা মনে করি।