হামলা, ব্যালট বাক্স ছিনতাই
ঢাকা বিভাগের আট জেলার ১৯টি ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোট গ্রহণ পর্যন্ত হামলা চালিয়েছেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পোলিং কর্মকর্তা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতের ২৮ জন আহত হন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পূর্ব আলদি গ্রামের বাসিন্দা ও ছাত্রদল নেতা কনকন সৈয়ালসহ (২৫) তিনজন শনিবার রাত ১২টার দিকে পাশের দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে একটি পেট্রলবোমা ছোড়েন। কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দিলে কনকন সৈয়াল পাশের ডোবায় পানিতে গিয়ে ঝাঁপ দেন। কয়েক ঘণ্টা পরে ওই ডোবা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। তবে টঙ্গীবাড়ী থানার ওসি মো. আবদুল মালেক বলেন, ‘কনকন সৈয়ালকে আমাদের কেউ ধাওয়া দেয়নি।’
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ১৮ দলের দেড় থেকে দুই শ নেতা-কর্মী লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মুন্সিগঞ্জ-১ আসনের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালান। তাঁরা দুটি ব্যালট বাক্স পুড়িয়ে দেন। তাঁদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে পুলিশের এক সদস্য ও বিএনপি-জামায়াতের নয়জন কর্মী আহত হন। পরে সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। দুপুরে সিরাজদিখানের চরপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর করা হয়।
শেরপুর: ভোর ছয়টার দিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের শ্রীবরদী উপজেলার গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ব্যালটপত্রসহ ভোট গ্রহণের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে এই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে বিএনপির কর্মীরা শ্রীবরদীর পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল হামলা চালান। তিনটি ককটেল বিস্ফোরিত হয়ে দুই আনসার সদস্য ও আওয়ামী লীগের কর্মী বিল্লাল হোসেন (৩০) গুরুতর আহত হন।
সকাল ১০টার দিকে সদর উপজেলার বাগরাকসা শেরপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ককটেল হামলায় পোলিং কর্মকর্তা কল্পনা (৩০) ও হিরা নাসরিন (৩৭) আহত হন। বেলা দেড়টার দিকে দীঘারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতা-কর্মীরা ব্যালটপত্রসহ ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করেন। তাঁদের হামলায় পুলিশের এএসআই নূরে আলম ও আনসার সদস্য মো. বারেক মিয়া (৪০) গুরুতর আহত হন। এ সময় পুলিশ গুলি ছুড়লে দুই হামলাকারী আহত হন। পরে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
সরিষাবাড়ী (জামালপুর): শনিবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা জামালপুর-৪ আসনের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা সিরাতুন্নবী আলিম ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়। ওই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর আগে রাত ১২টার দিকে সাতপোয়া ইউনিয়নের শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কাজে ব্যবহূত একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়।
ফরিদপুর: শনিবার রাত ১২টার পর দুর্বৃত্তরা বোয়ালমারী উপজেলা সদরের গোহাটাসংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ের জানালায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। গতকাল বেলা সোয়া দুইটার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর মহল্লায় অবস্থিত বাড়ির সামনে দুর্বৃত্তরা জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল হোসেনের প্রাইভেট কার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গোজিরকোনা উচ্চবিদ্যালয় কেন্দ্রসংলগ্ন গোজিরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গত শনিবার গভীর রাতে খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
কেন্দুয়া (নেত্রকোনা): শনিবার রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। তারা কেন্দ্র চত্বরে রাখা নির্বাচনী সরঞ্জাম বহনের কাজে ব্যবহূত টমটমে আগুন ধরিয়ে দেয়। পাহারার দায়িত্বে থাকা আনসার সদস্যরা আগুন নেভাতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে আনসার সদস্য নয়ন মিয়া আহত হন।
টাঙ্গাইল: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের পালপাড়া ও সাহাপুর কেন্দ্রে গতকাল বেলা ১১টার পর বিএনপি ও জামায়াতের কর্মীরা হামলা চালান। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যান। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে পাঁচজন ভোটার আহত হন।