হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যে অবস্থান কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা, ভাঙচুর, আগুন ও সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পাঁচ জেলায় অন্তত ৪৭টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার হাজীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এ ছাড়া কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সরকার পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ঢাকার বাইরে এই কর্মসূচি পালন করা হয়।
সংঘর্ষ: চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ টোরাগড় এলাকায় বিকেলে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। খবর পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়লে তারা আত্মরক্ষার্থে গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ বিএনপির ২০ নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষ চলাকালে চাঁদপুরের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গাছ ও খুঁটি পড়ে থাকায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাটে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে সরকার-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা বাজারে ১৮-দলীয় জোট ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুজন আহত হন।
যানবাহনে ভাঙচুর, আগুন: চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট, ঘোষেরহাট, মহামায়া, দেবপর, আলীগঞ্জ ও এনায়েতপুরে অন্তত ১৮টি যানবাহনে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা। চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের একটি জিপ। আলীগঞ্জে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভাঙচুর করা হয় ১৫টি যানবাহন। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হন। বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিনটি ট্রাক ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পাবনার ঈশ্বরদীতে ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে জেলা সরকারি কৌঁসুলি (পিপি) ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেনের গাড়ি ভাঙচুর করেন ১৮ দলের কর্মীরা। গাড়ির কাচ ভেঙে আকবরের ডান চোখের নিচে লাগে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বুড়িমারী স্থলবন্দর বাজার সড়কে ভাঙচুর করা হয়েছে একটি ট্রাক।
বাড়িতে ভাঙচুর, লুটপাট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শহীদুল অভিযোগ করেন, র‌্যাব ও পুলিশের সঙ্গে সাদা পোশাকের লোকজন রোববার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা লুট করে। তাঁর ধারণা, যৌথ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় বাড়িতে শুধু এক গৃহকর্মী ছিলেন। তবে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, শহীদুলের বাড়িতে অভিযানের কোনো তথ্য তাঁদের কাছে নেই।
এ ঘটনাকে কেন্দ্র করে সকালে বিএনপি-জামায়াতের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন: কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মজমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতেও হরিপুর ইউনিয়নের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলসংলগ্ন তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় জড়িত সন্দেহে মজমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলমসহ চারজনকে আটক করে পুলিশ।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।