হামলা-ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং যানবাহনে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের ষষ্ঠ দিন পার হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কুমারগাঁও বাসস্টেশন এলাকায় দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত অবরোধকারীরা দু-তিন দফা হামলা চালিয়ে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় সড়কের এক পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রাকও ভাঙচুর করা হয়। একইভাবে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারী অটোরিকশা দক্ষিণ সুরমায় প্রবেশ করামাত্র ভাঙচুরের মুখে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ সুরমার চণ্ডিপুল থেকে বাবনা মোড় পর্যন্ত এলাকায় দফায় দফায় ২০টি অটোরিকশা ও টমটম ভাঙচুর করা হয়।
চাঁদপুর: অবরোধকারীরা বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করায় সড়কপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে রেল ও নৌপথ স্বাভাবিক ছিল। এদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট থেকে বলাখাল পর্যন্ত গাছ ফেলে সড়ক অবরোধ করেন অবরোধকারীরা। এতে অতি জরুরি কাজে ঘর থেকে বের হওয়া সাধারণ জনগণ পড়ে বিপাকে।
মির্জাপুর (টাঙ্গাইল): সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে সকাল থেকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে অবরোধ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এ সময় অবরোধকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ কমপক্ষে ২৫ জন আহত হন। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
ভৈরব (কিশোরগঞ্জ): সকালে ভৈরব-ময়মনসিংহ সড়কের ভৈরব স্টেডিয়াম এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন অবরোধকারীরা। পুলিশ বাধা দিতে এলে অবরোধকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের ধাওয়ায় স্টেডিয়ামের দেয়াল টপকাতে গিয়ে ছাত্রদলের পাঁচ কর্মী আহত হন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়ায় ১৮ দলের মিছিল থেকে ২০-২৫ জন তরুণ অতর্কিত হামলা করে সিএনজিচালিত পাঁচটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভাঙচুর করেন। তাঁরা রেলওয়ে জংশন স্টেশনের কয়েকটি কার্যালয়ের দিকে এলোপাতাড়ি ঢিল ছুড়লে পাঁচটি কার্যালয়ের জানালার কাচ ভেঙে যায়। শহরের লালবাজার ও রাধানগরে কয়েকটি দোকানে হামলা করা হয়। এ সময় মাথায় ইট পড়ে মারাত্মক আহত হন শহরের কলেজপাড়ার ব্যবসায়ী আবুল হোসেন (৫৭)।
সরিষাবাড়ী (জামালপুর): এ উপজেলা থেকে রেলপথে ঢাকায় যাওয়ার জন্য আন্তনগর অগ্নিবীণা, যমুনাসহ পাঁচটি ট্রেন অবরোধ করে রাখায় চার দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বাস চলাচল ও রেলপথে ট্রেন চলাচল না করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।