নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলে হামলা-ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ছয় ছাত্রসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সায়েম বাদী হয়ে সুধারাম থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে সাময়িক বহিষ্কৃত ছয় ছাত্রসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত বাকি দুই আসামি বহিরাগত। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার হামলা-ভাঙচুরে জড়িত থাকার ঘটনায় ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজয় দিবসের রাতে (গত শুক্রবার) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলে বিশেষ খাবারের (বিরিয়ানি) ব্যবস্থা করে। খাবার পাওয়া না-পাওয়া নিয়ে ছাত্রলীগের নেতা আবদুল হামিদ ও সাজ্জাদ প্রোমেলের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার দুপুরে প্রায় এক শ বহিরাগত যুবক অস্ত্র নিয়ে হলে তাণ্ডব চালান। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো কমিটি নেই।
নতুন করে কমিটি গঠনকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। হামলার সঙ্গে কমিটি গঠন নিয়ে সৃষ্ট উত্তেজনাও কাজ করেছে বলে তাঁরা ধারণা করছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় এর আগে আটক পাভেল, মুন্না ও রিয়াদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।