বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দল প্রকাশ্য হয়ে পড়েছে। এক পক্ষের নেতার ওপর হামলা ও মারপিটের ঘটনায় অন্যপক্ষের শীর্ষ কয়েকজন নেতা হাজতবাস করছেন।জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন-সমর্থিত অংশের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান। আর অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ এইচ এম গোলাম রব্বানী।দলীয় সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় গোলাম রব্বানী পীরগাছা বাজার থেকে বগুড়ায় ফেরার পথে বিন্দুপাড়া ফেরুলিয়া নামক স্থানে পৌঁছালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের নেতৃত্বে এ হামলা হয়েছে উল্লেখ করে গোলাম রব্বানী গত ১ অক্টোবর বগুড়া সদর থানায় সুফিয়ানসহ দলের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।এ ঘটনার জের ধরে মমতাজ উদ্দিনের বরাত দিয়ে ৪ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপিয়ে গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কারের কথা প্রচার করা হয়। একইসঙ্গে সদর উপজেলা কমিটি ভেঙে আবু সুফিয়ানকে আহ্বায়ক করে নতুন কমিটিরও ঘোষণা দেওয়া হয়। এর কয়েক দিন পর সংবাদ সমেঞ্চলন ডেকে ওই কমিটিকে অবৈধ দাবি করেন গোলাম রব্বানী। সংবাদ সমেঞ্চলনে তিনি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে জামায়াত-বিএনপির লোকদের দিয়ে বিভিন্ন সাংগঠনিক ‘পকেট কমিটি’ গঠন ও দলে বিভেদ সৃষ্টি করে নেতা-কর্মীদের খুনখাবাবির মুখে ঠেলে দেওয়ার অভিযোগ আনেন। তিনি দাবি করেন, বগুড়া আওয়ামী লীগে গঠনতন্ত্র অনুসরণ করে দল চলে না, চলে মমতাজ উদ্দিনের ইচ্ছা-অনিচ্ছায়।এদিকে রব্বানী খানের ওপর হামলার মামলায় ১৭ অক্টোবর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন মমতাজ উদ্দিনের আস্থাভাজন নেতা আবু সুফিয়ানসহ অভিযুক্ত ব্যক্তিরা। ওই জামিন আদেশের বিরুদ্ধে ৭ নভেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করেন গোলাম রব্বানী। আদালত আগামী বছরের ২৮ এপ্রিল পর্যন্ত জামিন আদেশ স্থগিত করে অভিযুক্ত ব্যক্তিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে ২২ নভেম্বর আবু সুফিয়ান, শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল হান্নান, তাঁদের সহযোগী নুরে আলম ও আসাদুজ্জামান চিশতি বগুড়ার একটি আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।জানতে চাইলে গোলাম রব্বানী প্রথম আলোকে জানান, কোনো নেতার একক সিদ্ধান্তে কাউকে দল থেকে বহিষ্কার করা যায় না। মমতাজ উদ্দিন নিজের খেয়ালখুশিমতো সবকিছু করতে পারেন না। মামলা প্রসঙ্গে তিনি জানান, কোনো কোনো নেতা নিজেদের ব্যক্তিস্বার্থে দলকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। জেলা কমিটির দায়িত্বশীল পদে থেকে এক নেতা নিজেই দলের আরেক নেতাকে দলীয় কর্মসূচিতে মারপিট করছেন। এটা কোনোক্রমেই রাজনৈতিক নেতার আচরণের মধ্যে পড়ে না। তাই হামলাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। এসব বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মমতাজ উদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।