হামলা-মামলার প্রতিবাদে নাগরিক কমিটির সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনকে কেন্দ্র করে হামলা-মামলার প্রতিবাদে গতকাল সোমবার সচেতন নাগরিক কমিটি রংপুর-ডোমার-ডিমলা ও ডালিয়া-বুড়িমারী সড়ক অবরোধ করেছে। পরে প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আলোচনার পর তারা অবরোধ তুলে নেয়।জলঢাকা ট্রাফিক মোড়ে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টা অবরোধ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সচেতন নাগরিক কমিটির সদস্যরা জানান, স্বতন্ত্র প্রার্থী ফয়সাল চৌধুরীর সমর্থকেরা নাগরিক কমিটির প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলুর সমর্থকদের ওপর হামলা চালিয়ে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। রোববার সন্ধ্যায় পৌর এলাকার কাজীরহাটে প্রচারণার পর ফয়সালের কর্মীরা নিজেদের কাপড় নিজেরা ছিঁড়ে বাবলুর সমর্থকদের নামে মিথ্যা মামলা করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি কোনো অবরোধ-সমাবেশ করিনি, সচেতন নাগরিক কমিটি করেছে।’উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, ইলিয়াছ হোসেন জাতীয় পার্টির সদস্য হলেও তিনি মহাজোট ও সচেতন নাগরিক কমিটির প্রার্থী।অতিরিক্ত পুলিশ সুপার নূর আহম্মেদ বলেন, দুই প্রার্থীকে নিয়ে গতকাল দুপুরে জলঢাকা হাইস্কুলে আলোচনা হয়েছে। দুই পক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার সৈয়দপুর সার্কেলের উজ্জ্বল কুমার রায়, জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেন ও জলঢাকা থানার ওসি লেলিন আলমগীর উপস্থিত ছিলেন।মেয়র পদপ্রার্থী ফয়সাল চৌধুরী বলেন, ‘তারা আমার কর্মী-সমর্থকদের মারধর করেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও প্রতিকার পাইনি। কাজীরহাটে আমার সমর্থকদের মারধর করে উল্টো তারাই সড়ক অবরোধ করেছে।’ জলঢাকা থানার ওসি লেলিন আলমগীর বলেন, ‘রোববার রাতে ফয়সাল চৌধুরীর সমর্থক তমিজন নেছা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।’১২ জানুয়ারি জলঢাকা পৌরসভা নির্বাচনে আনোয়ারুল কবির চৌধুরী মেয়র নির্বাচিত হন। তিনি ৩ এপ্রিল হূদেরাগে মারা যান। আগামী ২৯ জুন মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুই প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ফয়সাল চৌধুরী তাঁর ছেলে।